অধিনায়ক হয়েই জাতীয় দলে ফিরলেন লেভানদোভস্কি
আগের কোচ নেতৃত্ব কেড়ে নেওয়ায় ক্ষুব্ধ হয়ে দেশের হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন বার্সেলোনা তারকা।
দলের নেতৃত্ব নিয়ে আগের কোচের সঙ্গে যে দ্বন্দ্বে জড়িয়েছিলেন রবের্ত লেভানদোভস্কি, কোচ বদলের সঙ্গে সেটা মিটে গেছে। ফলে, জাতীয় দল থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। বার্সেলোনা ফরোয়ার্ডকে নিয়েই বিশ্বকাপ বাছাইয়ে আসছে দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন পোল্যান্ড কোচ ইয়ান উরবান।
পোল্যান্ডের সাবেক কোচ মিখাও প্রবিয়েশ কয়েক মাস আগে হঠাৎ করেই দীর্ঘদিনের অধিনায়ক লেভানদোভস্কিকে সরিয়ে নেতৃত্বে আনেন পিয়ত্র জেলিনস্কিকে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান লেভানদোভস্কি এবং ৩৭ বছর বয়সী স্ট্রাইকার পরিষ্কার জানিয়ে দেন, প্রবিয়েশ দায়িত্বে থাকাকালীন জাতীয় দলের হয়ে খেলবেন না।
তবে ওই ঘটনায় তৈরি হওয়া বিতর্কের জের ধরে গত জুনে পদত্যাগ করেন প্রবিয়েশ এবং তার স্থলাভিষিক্ত হন উরবান। তিনি এসে প্রথম দল ঘোষণাতেই পুরনো সমস্যা মিটিয়ে ফেললেন।
বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে অনুষ্ঠেয় নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটির জন্য শুক্রবার আন্তর্জাতিক ফুটবলে ১৫৮ ম্যাচ খেলে দেশের সর্বোচ্চ ৮৫ গোল করা লেভানদোভস্কিকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছেন উরবান। ইন্টার মিলান মিডফিল্ডার জেলিনস্কিকে করেছেন দ্বিতীয় অধিনায়ক।
আগামী ৪ সেপ্টেম্বলে নেদারল্যান্ডসের মাঠে খেলবে পোল্যান্ড। এর তিন দিন পর তারা ঘরের মাঠে লড়বে ফিনল্যান্ডের সঙ্গে।
বাছাইয়ে তিন ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের তৃতীয় স্থানে আছে পোল্যান্ড। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেদারল্যান্ডস।
আর চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিনল্যান্ড।
