১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেয়েদের লিগে ৩৮ গোল ও ৫ হ্যাটট্রিকের দিন

রাজশাহী স্টার্সের আলপি আক্তার জালের দেখা পেয়েছেন ছয় বার।

মেয়েদের লিগে ৩৮ গোল ও ৫ হ্যাটট্রিকের দিন
একাই ৬ গোল করেছেন আলপি আক্তার। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2026, 10:23 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

উইমেন’স ফুটবল লিগে গোল করেই চলেছেন শামসুন্নাহার জুনিয়র, আলপি আক্তাররা। দুর্বল প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসাচ্ছে শক্তিশালী দলগুলো। সপ্তম রাউন্ডে যেমন পাঁচ ম্যাচে গোল হয়েছে ৩৮টি, হ্যাটট্রিক হয়েছে পাঁচটি। 

এই রাউন্ডে রাজশাহী স্টার্সের আলপি আক্তার ঢাকা রেঞ্জার্সের জালে একাই গোল করেছেন ৬টি।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে ফরাশগঞ্জ এফসি; শিরোপাধারী নাসরিন একাডেমিকে ১১-০ গোলে ভাসিয়েছে তারা।

নাসরিন একাডেমির জালে হ্যাটট্রিক করেছেন শামসুন্নাহার জুনিয়র ও মারিয়া মান্দা। এছাড়া মনিকা চাকমা ও তহুরা খাতুন করেছেন জোড়া গোল। পেনাল্টি থেকে অন্য গোলটি করেছেন শামসুন্নাহার সিনিয়র।

বাকি চার ম্যাচের মধ্যে একটি হয়েছে ড্র। বাংলাদেশ পুলিশ এফসি ও বাংলাদেশ আনসার ও ভিডিপির ম্যাচটি শেষ হয়েছে ২-২ সমতায়।

আগের রাউন্ডে হেরে যাওয়া বাংলাদেশ সেনাবাহিনী ৪-০ ব্যবধানে সিরাজ স্মৃতি সংসদকে হারিয়েছে। সেনাবাহিনীর চার গোলদাতা শিখা আক্তার, অর্পিতা বিশ্বাস, ইতি আক্তার ও জয়নব বিবি রিতা।

কাচারিপাড়া একাদশকে ৯-০ গোলে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। এই ম্যাচে হ্যাটট্রিক উপহার দিয়েছেন ফাতেমা আক্তার ও রুমা আক্তার।

গোলের বন্য বয়েছে ঢাকা রেঞ্জার্স ও রাজশাহী স্টার্সের মধ্যকার ম্যাচেও। রাজশাহীর ১০-০ ব্যবধানের জয়ে আলপি ছয়টি, সুরভি আকন্দ প্রীতি দুটি এবং পুজা দাস ও দিপা শাহি একবার করে জালের দেখা পেয়েছেন।

সপ্তম রাউন্ড শেষে শিরোপা লড়াই জমে উঠেছে। রাজশাহী স্টার্স, ফরাশগঞ্জ এফসি ও বাংলাদেশ সেনাবাহিনীর পয়েন্ট সমান ১৮ করে। সেনাবাহিনী অবশ্য ম্যাচ খেলেছে একটি বেশি।