২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগ নকআউটের ‘যোগ্যই নয়’ বার্সা

গ্রীষ্মে দলের শক্তি বাড়ানোর পরও গ্রুপ পর্ব থেকে বিদায়ে ভীষণ হতাশ স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2022, 07:33 PM

Updated : 27 Oct 2022, 07:40 PM

চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ শিরোপা জয় সাত বছর আগে। সাম্প্রতিক সময়ে অমন সাফল্য তো দূরের কথা, প্রতিযোগিতাটির গ্রুপ পর্ব পার করাই যেন বার্সেলোনার জন্য পর্বত সমান কঠিন কাজ হয়ে উঠেছে। ইউরোপ সেরার মঞ্চে টানা দ্বিতীয়বারের মতো আগেভাগেই পথচলা শেষ হয়ে যাওয়ায় ভীষণ হতাশ পেদ্রি। আত্মসমালোচনায় স্প্যানিশ মিডফিল্ডার বললেন, নকআউট পর্বে খেলার সামর্থ্যই নেই তাদের!

গত বছর লিওনেল মেসিসহ অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে বার্সেলোনা দুর্বল হয়ে পড়লেও চ্যাম্পিয়ন্স লিগের ২০২১-২২ আসরে তাদের গ্রুপ পর্ব থেকে বিদায় অনেককেই হতবাক করেছিল। পালাবদলের মধ্যে দিয়ে যাওয়া ক্লাবটি এবারের গ্রীষ্মে অনেক অর্থ খরচ করে স্কোয়াডের শক্তি বাড়ায়।

তাই কঠিন গ্রুপে পড়লেও এবার তাদের গ্রুপ পর্বের বৈতরণী পার হওয়া নিয়ে সন্দেহের অবকাশ ছিল সামান্যই। এছাড়া লা লিগায় দারুণ শুরুও (পয়েন্ট টেবিলে দ্বিতীয়) ভালো কিছুর আশা জাগায়।

তবে সব সম্ভাবনা ভেস্তে গেল শুরুতেই। বুধবার রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের আগেই নির্ধারিত হয়ে যায় শাভি এরনান্দেসের দলের ভাগ্য।

দিনের আগের ম্যাচে ভিক্তোরিয়া প্লাজেনের বিপক্ষে ৪-০ গোলে জিতে ‘সি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করে ইন্টার মিলান। গ্রুপ চ্যাম্পিয়ন বায়ার্ন আগেই নিশ্চিত করে নকআউট পর্ব।

১৯৯৭-৯৮ ও ১৯৯৮-৯৯ মৌসুমের পর প্রথমবারের মতো টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো বার্সেলোনাকে। গত মৌসুমের মতো এবারও তাদের খেলতে হবে ইউরোপা লিগে।

বায়ার্নের বিপক্ষে ৩-০ গোলে হারের পর মুন্দো দেপোর্তিভোর সঙ্গে আলাপচারিতায় পেদ্রির কণ্ঠে ফুটে ওঠে অসহায়ত্ব। বলেন, চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উপযুক্ত নয় তারা।

“নিঃসন্দেহে এটি একটি ব্যর্থতা। বার্সাকে গ্রুপ পর্ব পার করতে হতো এবং আমরা সেটা পারিনি। কারণ, আমরা চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার যোগ্য নই।”

“আমাদের অনেক কিছুর ঘাটতি আছে, তারপরও আমাদের নিজেদেরই দায়টা নিতে হবে। এটা সত্য যে মিউনিখে (বায়ার্নের বিপক্ষে প্রথম দেখায়) আমাদের আরও কিছু প্রাপ্য ছিল, মিলানে আমাদের ঘুরে দাঁড়ানোর কিছু সুযোগ ছিল … কিন্তু আজ যা হলো, তা দেখার পর মনে হচ্ছে, আমরা চ্যাম্পিয়ন্স লিগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উপযুক্ত নই।”

ঘরের মাঠে সবশেষ ম্যাচে বায়ার্নের বিপক্ষে কোনো লড়াই-ই করতে পারেনি বার্সেলোনা। পুরো ম্যাচে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি তারা। গ্রুপে পাঁচ ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়েছে কাতালান দলটি, সেটিও পুঁচকে ভিক্তোরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে।

আসরে এরপর একের পর এক ব্যর্থতাই কেবল সঙ্গী হয়েছে বার্সেলোনার। বায়ার্ন ও ইন্টারের মাঠে প্রথম দেখায় হারের পর সেরি আ ক্লাবটির সঙ্গে কাম্প নউয়ে ৩-৩ গোলে ড্র করে বার্সেলোনা।

গ্রীষ্মের দলবদলে রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়া, জুল কুন্দেসহ কয়েকজনকে দলে টেনে শক্তি বাড়ায় বার্সেলোনা। এরপরও এমন ব্যর্থতা যেন মেনে নেওয়ার নয়।

“আমরা খুব তরুণ একটি দল, উন্নতির অনেক জায়গা আছে। আমরা দুর্দান্ত কিছু খেলোয়াড় দলে টেনেছি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে তা যথেষ্ট হয়নি এবং এটি খুবই হতাশাজনক।”