আরও ৫ খেলোয়াড়কে হারিয়ে বিপর্যস্ত সুইডেন দল
আলেকসান্দের ইসাক চোট পেয়ে ছিটকে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন পাঁচ জন।
উয়েফা নেশন্স লিগে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শুক্রবারের ম্যাচের আগে আরও পাঁচ জন খেলোয়াড়কে হারিয়েছে সুইডেন। তারা সবাই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোমানিয়ার বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের কারণে স্ট্রাইকার আলেকসান্দের ইসাক আগেই দল ছেড়ে গেছেন। এর পাশাপাশি ইয়াসিন আয়ারি, বেনইয়ামিন নুখ্রেইন, গুস্তাফ লাগেরবিয়েলকে, এলিয়ট স্ট্রাউড ও পাত্রিক ভলেমার্ক অসুস্থ হয়ে পড়ায় সুইডেন কোচ গ্রাহাম পটারকে দল গঠনে পরিবর্তন আনতে হচ্ছে।
দলের চিকিৎসক ইয়োনাস ভেইর্নার এক বিবৃতিতে জানিয়েছেন, অসুস্থ পাঁচ জনের কেউই বসনিয়া সফরে দলের সঙ্গে যাননি।
“সংক্রমণ যাতে আর ছড়িয়ে না পড়ে সেজন্য আমরা সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছি এবং অসুস্থদের শারীরিক অবস্থার ওপর নজর রাখছি।”
সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বদলি হিসেবে ফেলিক্স বেইমো, সামুয়েল দাল, উগো বুলিন ও কেন সেমাকে দলে ডাকা হয়েছে।
আসরে প্রথম দুই ম্যাচেই জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ লিগের চার নম্বর গ্রুপের শীর্ষে আছে সুইডেন। দুই নম্বরে থাকা বসনিয়ার চেয়ে তারা ২ পয়েন্ট এগিয়ে আছে।
এবারের আন্তর্জাতিক বিরতিতে সুইডিশদের শেষ ম্যাচটি হবে আগামী সোমবার রোমানিয়ার বিপক্ষে।
