১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ইয়ামালের জন্য এখন প্রতিপক্ষের দুই-তিনজন খেলোয়াড় লাগছে’

এফসি কোপেনহেগেন ম্যাচে তরুণ ফরোয়ার্ডের দুর্দান্ত পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

‘ইয়ামালের জন্য এখন প্রতিপক্ষের দুই-তিনজন খেলোয়াড় লাগছে’
বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 05:58 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

বার্সেলোনার আক্রমণভাগে দিনদিন বাড়ছে লামিনে ইয়ামালের প্রভাব। তরুণ এই ফরোয়ার্ডের জন্য এখন প্রতিপক্ষের ‘বাড়তি’ খেলোয়াড় প্রয়োজন হচ্ছে। এই পরিস্থিতিতেও আক্রমণ ও রক্ষণে যেভাবে ভূমিকা রাখছেন ইয়ামাল, তাতে মুগ্ধ বার্সেলোনা কোচ।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে ফের দেখা গেছে এমন চিত্র। শুরুতেই এগিয়ে যাওয়া এফসি কোপেনহেগেন পুরোপুরি রক্ষণাত্মক হয়ে যায়। ইয়ামালকে ঠেকাতে তার আশেপাশে সবসময় দুই-তিন জন খেলোয়াড় রাখেন প্রতিপক্ষের কোচ।

তাতেও কাজ হয়নি। নিজের কাজ ঠিকই করেন ইয়ামাল। পায়ের চমৎকার কারিকুরিতে রবের্ত লেভানদোভস্কির গোলে অবদান রাখেন এই তরুণ ফরোয়ার্ড। পরে নিজেই এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত ৪-১ গোলে জিতে সেরা আটে থেকে প্রাথমিক পর্ব শেষ করে বার্সেলোনা। 

ম্যাচ শেষ ইয়ামালের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করলেন কোচ ফ্লিক। 

“তাকে একটা সময় মানিয়েও নিতে হয়েছে। এখন সবসময় তাকে আটকানোর জন্য প্রতিপক্ষের একজন, দুইজন এমনকি তিনজন খেলোয়াড়ও থাকে। সে দারুণ খেলছে। প্রথম গোলে তার গতির ভূমিকা ছিল দুর্দান্ত, সে একটা গুরুত্বপূর্ণ পাস দিয়েছিল এবং এরপর সে নিজেই গোল পেল।” 

“শুধু আক্রমণ নয়, সে রক্ষণেও অনেক উন্নতি করেছে। তার একটা বল পুনরুদ্ধারের কথা মনে পড়ছে, যেটা গুরুত্বপূর্ণ ছিল। সে খুব ভালো করেছে এবং আমি খুব খুশি। সে অবিশ্বাস্য, অসাধারণ মানের (একজন খেলোয়াড়)। প্রতিটি বল দখলে লড়াইয়ে সে পজেশন ধরে রেখেছে, আর এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।” 

পিছিয়ে পড়েও কোপেনহেগেনের বিপক্ষে জয়ে আরেকজন তরুণ মিডফিল্ডার মার্ক বের্নালের গুরুত্বপূর্ণ অবদানের কথাও বললেন বার্সেলোনা কোচ।

“মার্ক অসাধারণ এক ম্যাচ খেলেছে। তবে আমরা সব অনুশীলন সেশনেই তাকে এভাবে দেখি। তার আরও উন্নতির সামর্থ্য আছে। আমরা সবাই জানি, সে চমৎকার একজন খেলোয়াড়।” 

“অসাধারণ টেকনিক, ম্যাচ নিয়ন্ত্রণ, বল দখলে রাখা, পাস… সে দ্বিতীয়ার্ধে ছিল দুর্দান্ত। তবে শারীরিকভাবে তার কিছুটা উন্নতি করতে হবে। কারণ সে একটা বাজে চোট পেয়েছিল, তা থেকে সেরে ওঠা সবসময়ই কঠিন।”

এরিক গার্সিয়ার জায়গায় বিরতির পর মাঠে আসেন বের্নাল। নিজেকে মেলে ধরে আরও বেশি খেলার দাবি জানিয়ে রাখলেন তিনি।