২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের শিরোপা উদযাপনে ‘রেকর্ড দর্শক’

এই প্যারেডে উত্তর লন্ডনের রাস্তাগুলো যেন জনসমুদ্রে পরিণত হয়েছিল।

আর্সেনালের শিরোপা উদযাপনে ‘রেকর্ড দর্শক’
ছাদখোলা বাসে আর্সেনালের উদযাপন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2026, 10:02 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন ভাঙে আগের রাতে। তার পরও পরদিন আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের প্যারেডে ঢল নামে দর্শকের, যা জায়গা করে নিয়েছে ইতিহাসে।

২২ বছরের অপেক্ষা ঘুচিয়ে এবার প্রিমিয়ার লিগ জিতেছে আর্সেনাল। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানিও ছিল তাদের সামনে। কিন্তু গত শনিবার ফাইনালে পিএসজির বিপক্ষে টাইব্রেকারে হেরে হৃদয় ভাঙে ইংলিশ ক্লাবটির।

লন্ডনের রাস্তায় আর্সেনাল সমর্থকদের ঢল নামে। ছবি: রয়টার্স

লন্ডনের রাস্তায় আর্সেনাল সমর্থকদের ঢল নামে

পরদিন ছাদখোলা বাসে সমর্থকদের সামনে লিগ শিরোপা উদযাপন করে মিকেল আর্তেতার দল। যেখানে উত্তর লন্ডনের রাস্তাগুলো যেন জনসমুদ্রে পরিণত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, আর্সেনালের উদযাপনের অংশ হতে প্রায় সাড়ে সাত লাখ সমর্থক ভিড় জমাবেন রাস্তায়। তবে ইসলিংটন কাউন্সিল পরদিন নিশ্চিত করে, এই প্যারেডে উপস্থিত ছিল ১০ লাখের বেশি মানুষ।

ফেইসবুকে আর্সেনালের একটি ফ্যান পেইজে দাবি করা হয়, সংখ্যাটা ছিল ১৫ লাখ এবং ইংল্যান্ডে যেকোনো ইভেন্টের প্যারেডে সর্বোচ্চ মানুষের উপস্থিতি এটি।

নেচে-গেয়ে উদযাপন করে দর্শকরা। ছবি: রয়টার্স

নেচে-গেয়ে উদযাপন করে দর্শকরা

এই প্যারেডে আর্সেনাল নারী দলের জন্যও একটি বাস ছিল, যারা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত উইমেন’স চ্যাম্পিয়ন্স কাপ জয় উদযাপন করে।

আগের তিন মৌসুমে প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়েছিল আর্সেনাল। এবার দ্বিতীয় স্থানের ম্যানচেস্টার সিটির চেয়ে সাত পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয় তারা।