Published : 29 Aug 2026, 12:43 AM
আবার নিজ দেশের ফুটবলে ফিরলেন আলভারো মোরাতা। কোমো থেকে এক মৌসুমের জন্য ধারে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব লেগানেসে যোগ দিলেন অভিজ্ঞ এই স্ট্রাইকার।
উভয় ক্লাবই শুক্রবার জানিয়েছে এই খবর। আগামী মৌসুমে মোরাতাকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগও রাখা হয়েছে ধারের চুক্তিতে।
কোমোর সঙ্গে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তি আছে মোরাতার। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন লিখেছে, ৩৩ বছর বয়সী এই ফুটবলারের ইচ্ছা ছিল জন্ম শহর মাদ্রিদে ফেরা, আর লেগানেস তাকে সেই সুযোগটি দিয়েছে।
তিন মৌসুমের মধ্যে মোরাতার চতুর্থ ক্লাব এটি। স্পেনের সাবেক অধিনায়ক গত দুই মৌসুমে গালাতাসারাই, এসি মিলান ও কোমোর হয়ে খেলেছেন।
মিলান থেকে ধারে কোমোতে এক মৌসুম থাকাকালীন ৩০ ম্যাচে কেবল একটি গোল করতে পারেন মোরাতা। চলতি গ্রীষ্মের শুরুতে ক্লাবটিতে চুক্তি স্থায়ী করেন তিনি।
২০২৪-২৫ মৌসুমে লা লিগা থেকে অবনমন হয় লেগানেসের। আবার শীর্ষ লিগে ফেরার অভিযানে মোরাতার মতো ফুটবলারকে দলে পাওয়াটা তাদের উজ্জীবিত করবে।
মোরাতা ক্যারিয়ার শুরু করেন রেয়াল মাদ্রিদের হয়ে। মাদ্রিদের দলটির হয়ে দুটি করে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগসহ জেতেন মোট সাতটি শিরোপা। ২০১৪ সালে তিনি ইউভেন্তুস যোগ দেন এবং ইতালিয়ান দলটিকে দুটি সেরি আ শিরোপা জেতাতে সহায়তা করেন।
প্রিমিয়ার লিগে চেলসিতেও তিনি খেলেছেন দুই মৌসুমে, খেলেছেন আতলেতিকো মাদ্রিদের হয়েও।
স্পেনের ২০২৪ ইউরো জয়ী এই ফুটবলার জাতীয় দলের হয়ে ৮৭ ম্যাচে গোল করেছেন ৩৭টি। ২০২৫ সালের পর আর দলে সুযোগ পাননি তিনি।