০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

নেশন্স লিগে আসর সেরা খেলোয়াড় রদ্রি

চ্যাম্পিয়ন্স লিগের পর এবার উয়েফা নেশন্স লিগের সেরা খেলোয়াড়ের খেতাব জিতলেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 05:26 PM

Updated : 19 Jun 2023, 05:26 PM

দলগত ও ব্যক্তিগত অর্জনে সময়টা দারুণ কাটছে রদ্রির। সপ্তাহখানেক আগেই চ্যাম্পিয়ন্স লিগে মৌসুম সেরা খেলোয়াড়ের মুকুট জিতেছিলেন। এবার স্পেনের হয়ে উয়েফা নেশন্স লিগ জেতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন এই মিডফিল্ডার।

ক্রোয়েশিয়ার বিপক্ষে গত রোববারের ফাইনালে শুরুর একাদশে ছিলেন রদ্রি। ১২০ মিনিটের লড়াইয়ে গোলশূন্য সমতায় শেষ হয়। এরপর পেনাল্টি শুটআউটে ৫-৪ ব্যবধানে জিতে শিরোপা জেতে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নরা।

আসরে পাঁচটি ম্যাচ খেলেন রদ্রি। মাঝমাঠে আক্রমণের সুর বেঁধে দেওয়ার কাজটি করেন নির্ভরতার সঙ্গে। দ্বিতীয় সেমি-ফাইনালে ইতালির বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন ম্যানচেস্টার সিটির এই ফুটবলার।

সিটির হয়েও সদ্য শেষ হওয়া মৌসুমটা দারুণ কাটান রদ্রি। জেতেন ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপ সেরার মঞ্চে ফাইনালে ২৬ বছর বয়সী এই ফুটবলারের একমাত্র গোলেই ইন্টার মিলানকে ১-০ গোলে হারায় ম্যানচেস্টারের ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগেও মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রদ্রি।