১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ধর্ষণ মামলায় জামিন পেয়ে নতুন দলে সাবেক আর্সেনাল মিডফিল্ডার

পাঁচ বছর পর স্প্যানিশ ফুটবলে ফিরছেন তিনি।

ধর্ষণ মামলায় জামিন পেয়ে নতুন দলে সাবেক আর্সেনাল মিডফিল্ডার
ভিয়ারিয়ালে যোগ দিলেন টমাস পার্টি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2025, 12:24 AM

Updated : 26 Aug 2026, 01:32 PM

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে লন্ডনের আদালতে হাজির হয়ে শর্তসাপেক্ষে জামিন পাওয়ার একদিন পর নতুন ঠিকানা বেছে নিলেন থমাস পার্টি। লা লিগার দল ভিয়ারিয়ালে যোগ দিলেন আর্সেনালের সাবেক এই মিডফিল্ডার।

গত ৩০ জুন আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে ‘ফ্রি এজেন্ট’ ছিলেন পার্টি। বৃহস্পতিবার তাকে দলে নেওয়ার ঘোষণা দেয় ভিয়ারিয়াল।

ঘানার ৩২ বছর বয়সী এই ফুটবলারের বিরুদ্ধে দুই নারীকে ধর্ষণের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এছাড়া আরেকজন নারীকে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

ঘটনাগুলো ২০২১ থেকে ২০২২ সালের মধ্যকার, যখন পার্টি আর্সেনালের খেলোয়াড় ছিলেন।

তিনি যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন। গত মঙ্গলবার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেয়।

জামিনের শর্ত অনুযায়ী, পার্টি ওই তিন নারীর কারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন না এবং স্থায়ীভাবে ঠিকানা পরিবর্তন বা অন্য দেশে ভ্রমণের বিষয়ে পুলিশকে অবহিত করতে হবে।

২০২০ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে আর্সেনালে যোগ দিয়ে ইংলিশ ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে ১৩০টিসহ মোট ১৬৭ ম্যাচ খেলেন পার্টি। 

পাঁচ বছর পর আবার স্প্যানিশ ফুটবলে ফিরছেন তিনি। শুক্রবার তিনি নতুন দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ২ সেপ্টেম্বর তার লন্ডনের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।