২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজির সমপর্যায়ে বার্সেলোনাকে দেখছেন না ফ্লিক

পিএসজির কাছে পরাজয়ের পর প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2025, 01:48 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

ম্যাচের ফলাফল বলবে, লড়াই হয়েছে তুমুল। একদম শেষ সময়ের গোল গড়ে দিয়েছে ব্যবধান। তবে আদতে ব্যবধানটা অনেক, তা অকপটেই বলছেন হান্সি ফ্লিক। পিএসজির কাছে পরাজয়ের পর প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন বার্সেলোনা কোচ। নিজের দলকে সেই উচ্চতায় তুলে নেওয়ার আশাবাদও শোনালেন তিনি। 

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে বার্সেলোনাকে বুধবার তাদের মাঠেই ২-১ গোলে হারায় পিএসজি। 

শুরুতে পিছিয়ে পড়া পিএসজি সমতা ফেরায় প্রথমার্ধেই। পরে ৯০তম মিনিটে গন্সালো রামোসের গোলে জিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। 

স্কোরলাইনের মতো বল নিয়ন্ত্রণে রাখার সময় বা ম্যাচের নানা পরিসংখ্যানে দুই দল কাছাকাছিই। তবে পরিসংখ্যানে প্রকৃত চিত্র তো ফুটে ওঠে না অনেক সময়ই। পিএসজি জিতেছে উপযুক্ত পারফরম্যান্স দিয়েই। 

ম্যাচের পর সেই বাস্তবতাই ফুটে ওঠে ফ্লিকের কণ্ঠে। নিজ দলকে পিএসজির পর্যায়ে নিয়ে যাওয়ার বিশ্বাসও অবশ্য আছে বার্সেলোনা কোচের।

“আজকে আপনারা দেখেছেন, কোনোভাবেই বলা যায় না আমরা একই পর্যায়ে আছি। তবে আমার দলের ওপর আমার ভরসা আছে। আজকের দিনটি আমাদের ছিল না। তবে ওই পর্যায়ে যেতে আমরা কাজ করছি। আজকে আমরা হেরেছি, তবে ঘুরে দাঁড়াতে পারি।”

“পিএসজির মান আমরা দেখতে পেয়েছি এবং আমি শতভাগ নিশ্চিত, আমরাও এই পর্যায়ের ফুটবল খেলতে পারি। খেলা তো ৯০ মিনিটের। গোটা দলকেই রক্ষণ সামলাতে হবে, আক্রমণে উঠতে হবে, জায়গা কাজে লাগাতে হবে ও বল ধরে রাখায় সম্পৃক্ত হতে হবে। পিএসজির সবাইকে দেখবেন তারা বল চায়, ফাঁকা জায়গা কাজে লাগাতে চায়। এসবই আমাদের শিখতে হবে, উন্নতি করতে হবে।”

পিএসজির জয়ের সবচেয়ে উল্লেখযোগ্য দিক, অধিনায়ক মার্কিনিয়োস, বড় ভরসা উসমান দেম্বেলে, খাভিচা কাভারাৎস্খেলিয়া, দিজিরে দুয়ের মতো তারকা খেলতে পারেননি এই ম্যাচে। তার পরও বার্সেলোনাকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি ফরাসি দলটি।

পিএসজির তরুণ যারা খেলেছেন, যে ঘরানার ফুটবল দলটি খেলছে, তাতে মুগ্ধ ফ্লিক। আবারও বললেন, নিজ দলকেও তিনি এই রূপেই দেখতে চান।

“তাদের দর্শন দুর্দান্ত। তরুণ ফুটবলাররা উঠে আসছে, তাদের মান দারুণ, বল পায়ে তারা গতিময়। তরতাজা কয়েকজনকে মাঠে নামিয়েছিল তারা, যারা দলের মান আরও বাড়িয়েছে। গত কয়েক সপ্তাহে আমাদের অনেক খেলা ছিল। এসবই আমাদের শিখতে হবে।”

“আমরা শুরু করেছিলাম খুব ভালোভাবে। তবে ৩০-৩৫ মিনিটের পর পিএসজি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প্রথমার্ধেও আমাদের কিছুটা ভুগতে হয়েছে, তবে দ্বিতীয়ার্ধে একদমই নিয়ন্ত্রণ ছিল না। যখন আমরা নিয়ন্ত্রণ পেয়েছি, তখনও খুব গোছানো ছিলাম না। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এসব চলবে না, বিশেষ করে পিএসজির মতো মানসম্পন্ন দলের সঙ্গে। আমাদের আরও গোছানো পারফরম্যান্স করতে হবে, এসব শিখতে হবে আমাদের।”