১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অসংখ‍্য সুযোগ হারানো পাকেতা বললেন, ‘আমরা দারুণ ম‍্যাচ খেলেছি’

কোস্টা রিকার বিপক্ষে গোলশূন‍্য ড্রয়ের পর ফিনিশিংয়ে উন্নতি চাইলেন ব্রাজিলের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 05:24 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

সবচেয়ে বেশি সুযোগ হাতছাড়া করেছেন লুকাস পাকেতা। গোলের সবচেয়ে কাছে গিয়েছিলেন তিনিই। এখন ফিনিশিংয়ে ব‍্যর্থতা ছাপিয়ে প্রবল দাপট দেখানোকে বড় করে দেখছেন এই মিডফিল্ডার। কোস্টা রিকার বিপক্ষে গোলশূন‍্য ড্রয়ের পরও তার মনে হচ্ছে, দারুণ এক ম‍্যাচ খেলেছে ব্রাজিল।   

ক‍্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম‍্যাচে মাঠে নামে ব্রাজিল। কোস্টা রিকার বিপক্ষে ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১৯ শট নেয় তারা। লক্ষ‍্য থাকা তিনটি শট ঠেকিয়ে দেন পোস্টের নিচে ব‍্যস্ত দিন কাটানো পাত্রিক সেকেইরা। 

পাকেতার একটি শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ব‍্যর্থ হয় পোস্টে লেগে। ওয়েস্ট হ‍্যাম ইউনাইটেড মিডফিল্ডার শেষ ১০ মিনিটেও দুটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু কোনোটিই লক্ষ‍্যে রাখতে পারেননি। 

ম‍্যাচের শেষের প্রতিক্রিয়ায় এত সুযোগ হাতছাড়াকে বড় করে দেখছেন না পাকেতা। তার কাছে গুরুত্ব পাচ্ছে দলের দাপুটে ফুটবল।

“আমরা দারুণ একটা ম‍্যাচ খেলেছি। শেষ পর্যন্ত লড়াই করেছি। আমি নিজে তিনটা সুযোগ পেয়েছিলাম। জিততে না পারায় আমরা হতাশ। তবে আমরা আত্মবিশ্বাস নিয়ে মাঠ ছেড়েছি, আমরা লড়াই করেছি।” 

“আমরা নিজেদের খেলা খেলেছি। আমাদের বিশেষ করে আমার ও অন‍্য খেলোয়াড়দের ফিনিশিংয়ে উন্নতি করতে হবে। তাতে আমরা জিততে পারব।”

চোটের জন‍্য লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা নেইমার এসেছিলেন খেলা দেখতে। সতীর্থদের সুযোগ নষ্টের মিছিল দেখে ভীষণ হতাশ দেখাচ্ছিল ব্রাজিলের সফলতম গোলদাতাকে। 

তার চেয়ে কম হতাশ নন অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিনিয়োস। ৩০তম মিনিটে জালে বল পাঠিয়েছিলেন তিনি। কিন্তু অফ সাইডের জন‍্য মেলেনি গোল। জয় না পাওয়ায় যে গ্রুপ পর্বে কঠিন পরিস্থিতিতে পড়তে হতে পারে ভালো করেই বুঝতে পারছেন তিনি। 

“নিজেদের সঙ্গে আমাদের সৎ হতে হবে। সুযোগ তৈরি করার জন‍্য বিকল্প তৈরি করা, গোল করা, ফল পক্ষে পাওয়া গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায়। শুরুর দিকে হারানো পয়েন্ট পরের দিকে সব জটিল করে ফেলে।”   

নিজেদের পরের ম‍্যাচে আগামী শুক্রবার প‍্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। আর গ্রুপ পর্বে তাদের শেষ প্রতিপক্ষ কলম্বিয়া।