বঙ্গবন্ধু অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে নতুন ৩ রেকর্ড
চাকতি নিক্ষেপে ২৯ বছর আগের রেকর্ড ভেঙেছেন বাংলাদেশ নৌবাহিনীর জাফরিন আক্তার।
বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে আরও তিনটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। চাকতি নিক্ষেপে ২৯ বছর আগের রেকর্ড ভেঙেছেন বাংলাদেশ নৌবাহিনীর জাফরিন আক্তার।
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ৪৬তম জাতীয় অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে শনিবার অন্য দুটি জাতীয় রেকর্ড হয়েছে দূরপাল্লার দৌড়ে।
নারী ইভেন্টে ৪৩.৪৯ মিটার দূরে চাকতি ছুঁড়ে নতুন রেকর্ড গড়েছেন জাফরিন। ভেঙেছেন ১৯৯৩ সালে গড়া জোৎস্না আফরোজের ৪২.৯০ মিটারের রেকর্ড। ৪৩.৩৫ মিটার ছুঁড়ে বাংলাদেশ নৌবাহিনীর জাকিয়া আক্তার দ্বিতীয় ও বাংলাদেশ কারাগারের আলপনা আক্তার ৩৪.৮০ মিটার ছুঁড়ে তৃতীয় হয়েছেন।
নারী পাঁচ হাজার মিটার ইভেন্টে ১৯ মিনিট ৪১.৪০ সেকেন্ডে দৌড় শেষ করে রেকর্ড গড়েন বাংলাদেশ নৌবাহিনীর রিংকি বিশ্বাস। ভেঙেছেন নিজেরই এ বছরে গড়া ১৯ মিনিট ৫৭.৫০ সেকেন্ডের রেকর্ড।
বাংলাদেশ আনসারের প্রীতি আক্তার ২০ মিনিট ১৮.২০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও বাংলাদেশ সেনাবাহিনীর পাপিয়া খাতুন ২০ মিনিট ২৯.২০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন।
নারী তিন হাজার মিটার ইভেন্টে ১০ মিনিট ৩৯.৫৫ সেকেন্ডে রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর শামসুন্নাহার রত্না। নৌবাহিনীরই রিংকি বিশ্বাস গত বছর সময় নিয়েছিলেন আগের রেকর্ড ১০ মিনিট ৪৩.৩০ সেকেন্ড।
এদিন আকর্ষনীয় ইভেন্টগুলোর মধ্যে ১১০ মিটার হার্ডলস পুরুষ ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মির্জা হাসান, ১৪.৯০ সেকেন্ডে। আর নারী ১০০ মিটার হার্ডলসে সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর তামান্না আক্তার, ১৪.৬৫ সেকেন্ডে।
৪০০ মিটার পুরুষ ইভেন্টে ৪৭.৬০ সেকেন্ডে সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর জহির রায়হান। আর ৪০০ মিটার নারী ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন।
দুই দিনে ২৮টি ইভেন্ট শেষে ১৫টি সোনা, ১১টি রূপা ও ১৩টি ব্রোঞ্জসহ ৩৯টি পদক নিয়ে তালিকায় শীর্ষে আছে বাংলাদেশ সেনাবাহিনী।
