চলে গেলেন ইতালিয়ান টেনিস গ্রেট নিকোলা পিত্রাঞ্জেলি
৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রথম ইতালিয়ান হিসেবে গ্র্যান্ড স্ল্যামের পুরুষ এককে শিরোপা জয়ী।
দুইবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ইতালিয়ান টেনিস গ্রেট নিকোলা পিত্রাঞ্জেলি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।
ইতালিয়ান টেনিস ফেডারেশন সোমবার এক বিবৃতিতে পিত্রাঞ্জেলির মৃত্যুর খবর জানায়।
১৯৫৯ সালে ফরাসি ওপেন জিতে প্রথম ইতালিয়ান হিসেবে গ্র্যান্ড স্ল্যামের পুরুষ এককে শিরোপা জয়ের কীর্তি গড়েন পিত্রাঞ্জেলি। রোলাঁ গাঁরোতে পরের বছর তিনি ধরে রাখেন শিরোপা।
আন্তর্জাতিক টেনিস হল অব ফেম-এ জায়গা করে নেওয়া একমাত্র ইতালিয়ান পিত্রাঞ্জেলি ক্যারিয়ারে মোট শিরোপা জেতেন ৪৮টি। বর্তমানে টেনিস র্যাঙ্কিংয়ের দুই নম্বর ও চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ইয়ানিক সিনারের উত্থানের আগে পিত্রাঞ্জেলিকেই দেশটির সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হতো।
ফরাসি ওপেনে দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ১৯৬১ ও ১৯৬৪ সালে রানার্সআপ হন পিত্রাঞ্জেলি। ১৯৬০ সালে উইম্বলডনের সেমি-ফাইনালে ও ১৯৫৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালে উঠেছিলেন তিনি।
ডেভিস কাপে ইতালির হয়ে রেকর্ড ১৬৪ ম্যাচ খেলে তিনি জিতেছেন ১২০টিতে। ১৯৭৬ সালে তার নেতৃত্বেই প্রথমবার এর শিরোপা জিতেছিল ইতালি।
