২০২৬ বিশ্বকাপ: ট্রাম্পের ‘স্ববিরোধী মন্তব্যের’ পর ইরানের পাল্টা জবাব
যে স্বাগতিক দেশ দলগুলোর নিরাপত্তা দিতে পারে না, তাদেরই বাদ দেওয়া উচিত বলে মনে করে ইরান।
ট্রুথ সোশ্যালে একই পোস্টের শুরুতে ইরান দলকে বিশ্বকাপে স্বাগত জানানোর পাশাপাশি ডনাল্ড ট্রাম্প ইরানিদের ‘নিজেদের জীবন ও নিরাপত্তার’ কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্রে না আসার পরামর্শ দেন-যা নিয়ে তীর্যক মন্তব্য করেছে ইরান।
সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় ইরান দল বলেছে, “কেউ আমাদেরকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না।”
গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে ইরানে অতর্কিত হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ উচ্চপদস্থ অনেক কর্মকর্তা প্রাণ হারান। সেই থেকে প্রতিশোধ নিতে ইসরায়েলসহ আশেপাশে দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।
মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ শুরুর পর থেকেই আসছে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা শুরু হয়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য শুরু থেকেই এ বিষয়ে আশাবাদী।
গত বুধবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ট্রাম্পের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং ইতিবাচক সমাধানও মিলেছে।
তবে পরদিন ট্রুথ সোশ্যালে ওই পোস্টে ট্রাম্প লেখেন, “ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগতম। তবে আমি সত্যিই বিশ্বাস করি না যে, তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য এখানে আসা ঠিক হবে।”
ওইদিনই পরে ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দেয় ইরান জাতীয় দল। যুক্তরাষ্ট্র এত বড় আয়োজনে দলগুলোর নিরাপত্তার দিতে সক্ষম নয় বলেও মনে করে তারা।
“বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক ইভেন্ট এবং এর নিয়ন্তা সংস্থা ফিফা-কোনো একটি দেশ নয়। ইরান জাতীয় দল নিজেদের শক্তিমত্তা এবং ইরানের সাহসী সন্তানদের দ্বারা অর্জিত অনেক জয়ের মাধ্যমে বাছাইপর্ব পেরিয়ে প্রথম দলগুলোর একটি হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।”
“নিশ্চিতভাবেই কেউ ইরান জাতীয় দলকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। একটি দলই কেবল বাদ যেতে পারে, যারা কেবল ‘স্বাগতিক’ এর মর্যাদা নিয়ে আছে, এমনকি এই বৈশ্বিক আসরে দলগুলোর নিরাপত্তা দিতে অপরাগ হওয়া সত্ত্বেও।”
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হবে ৪৮ দলের এবারের বিশ্বকাপ। তবে, ‘জি’ গ্রুপে ইরানের তিনটি ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে।
আগামী ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা করার কথা ইরানের। এরপর ২১ জুন একই মাঠে তারা খেলবে বেলজিয়ামের বিপক্ষে। আর গ্রুপের শেষ ম্যাচে ইরানের প্রতিপক্ষ মিশর, ম্যাচটি হবে সিয়াটলে।
বৃহস্পতিবার আরেক পোস্টে ট্রাম্প জানান, ফিফা বিশ্বকাপ আয়োজনে মুখিয়ে আছে যুক্তরাষ্ট্র।
“টিকেট বিক্রি চূড়া ছুঁয়েছে! যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সেরা ও নিরাপদ ইভেন্ট হতে যাচ্ছে এই বিশ্বকাপ। সব খেলোয়াড়, অফিসিয়াল ও ভক্তদের ‘তারকা’ হিসেবে, ঠিক যেমনটা তারা।”
অবশ্য ইনফান্তিনোর ওই পোস্ট নিয়ে আলোচনা শুরুর পরই রাষ্ট্রীয় টেলিভিশনে বিশ্বকাপে ‘না খেলার’ ঘোষণা দেন ইরানের ক্রীড়ামন্ত্রী।
“এই দুর্নীতিগ্রস্ত সরকার (যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে, সেটা বিবেচনা করে কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারি না।”
বিশ্বকাপে সুযোগ পেয়েও কোনো দলের না খেলার নজির আধুনিক ফুটবলে নেই। তাই ইরান সত্যিই যদি সরে দাঁড়ায়, বা ট্রাম্পের ওই মন্তব্য ধরে নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপে খেলতে না পারে, তাহলে তাহলে কী হবে- এর উত্তর পাওয়া মুশকিল।
এ বিষয়ে ফিফার পক্ষ থেকেও এখনও কিছু জানানো হয়নি।
