এবার ‘সবকিছু জয়ের’ আশায় সালাহ
লিভারপুলে নিজের ভবিষ্যৎ অনিশ্চিত হলেও, তারকা এই স্ট্রাইকারের পারফরম্যান্সে সেসবের কোনো প্রভাব পড়েনি।
লিভারপুলের সঙ্গে চুক্তির শেষ ধাপে পৌঁছে গেছেন মোহামেদ সালাহ। তাতে ক্লাবে তার ভবিষ্যৎ হয়ে পড়েছে অনিশ্চিত। তবে, সেসবের কিছুই তার ফর্মে প্রভাব ফেলতে পারেনি। দারুণ পথচলায় অ্যানফিল্ডে ‘শেষ মৌসুমে’ এসে সম্ভাব্য সব শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন মিশরের এই স্ট্রাইকার।
ইয়ুর্গেন ক্লপের বিদায়ের পর আর্না স্লটের কোচিংয়ে আরও ধারাবাহিক হয়ে উঠেছে লিভারপুল। মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে একটিমাত্র ম্যাচে হেরেছে তারা।
প্রিমিয়ার লিগে ১১ রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেছে স্লটের দল; ৯ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ২৮। চ্যাম্পিয়ন্স লিগে চার রাউন্ড শেষে শতভাগ সাফল্য ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। লিগ কাপেও প্রথম দুই রাউন্ডে জিতে দলটি জায়গা করে নিয়েছে কোয়ার্টার-ফাইনালে।
লিভারপুলের এই দুর্দান্ত ও ধারাবাহিক পারফরম্যান্সে সালাহর ভূমিকা গুরুত্বপূর্ণ; সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে এখন পর্যন্ত ১০টি গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি।
তবে, এত এত ইতিবাচক আবহের মাঝেও একটা ‘কিন্তু’ রয়েই গেছে। চলতি মৌসুমেই শেষ হবে লিভারপুলের সঙ্গে সালাহর চুক্তির মেয়াদ। নতুন চুক্তির বিষয়েও এখনও দুই পক্ষের থেকে তেমন কোনো কথা শোনা যায়নি। ক্লাবের থেকে এ বিষয়ে কোনো যোগাযোগ না করায় মৌসুমের শুরুর দিকে সালাহর কণ্ঠে কিছুটা অসন্তোষও শোনা গিয়েছিল।
তবে, আপাতত সেসব নিয়ে যেন কিছুই ভাবছেন না সালাহ। তার মূল লক্ষ্য এখন দলের হয়ে সাফল্যময় একটা মৌসুম শেষ করার। ক্লাবের ইউটিউব শো ‘রেডস রাউন্ডেটেবল’-এ সেই প্রত্যাশার কথাই বললেন তিনি।
“সবকিছু জিততে চাই। নিজের চোখে, আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি। নিজেদের আন্ডারডগ ভাবতে আমি খুব অপছন্দ করি।”
“এখন আমাদের অবিশ্বাস্য একটা দল আছে… প্রতিটি পজিশনে এমন সব খেলোয়াড় দেখবেন, যারা বিশ্বের সেরা তিনের একজন। তাহলে, আমরা কেন জিতব না? এই শহর এবং এই ক্লাবকে সবসময় সবকিছুর জন্য লড়তে হবে।”
২০২২ সালে নতুন চুক্তির পর থেকে সালাহ লিভারপুলের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়। ৩২ বছর বয়সী এই তারকাকে পেতে ইউরোপের কয়েকটি ক্লাব ছাড়াও সৌদি প্রো লিগের ক্লাবও পেতে আগ্রহী বলে শোনা যায়।
সালাহ ছাড়াও এই মৌসুমে লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হবে অভিজ্ঞ ডিফেন্ডার ও অধিনায়ক ভার্জিল ফন ডাইক ও ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের।
