‘এমন শুরুই চেয়েছিলাম’, বললেন মেসি
ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক রাঙানোর উচ্ছ্বাস ঝরল আর্জেন্টাইন মহাতারকার কণ্ঠে।
একে তো নিজের অভিষেক, তার ওপর দল আগের ১১ ম্যাচে পায়নি জয়ের দেখা। ম্যাচও তখন শেষ বাঁশির অপেক্ষায়। এমন সময় পুরান ঝলক নতুন করে দেখালেন লিওনেল মেসি। ফ্রি কিকে দর্শনীয় গোল করে রাঙালেন অভিষেক, ইন্টার মায়ামিকে এনে দিলেন কাঙ্ক্ষিত জয়। নতুন মিশনের শুরুটা দুর্দান্ত হওয়ায় উচ্ছ্বসিত কণ্ঠে মেসি বললেন- এমন শুরুই চেয়েছিলাম।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ও মেক্সিকোর শীর্ষ লিগ লিগা এমএক্স-এর ৪৭ ক্লাব নিয়ে আয়োজিত এই লিগস কাপে ক্রুস আসুলকে ২-১ গোলে হারায় ইন্টার মায়ামি। যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন ফ্রি কিকে ম্যাচের ভাগ্য গড়ে দেন মেসি।
মেসি জাদু মাঠে বসে উপভোগ করতে গ্যালারি ছিল কাণায় কাণায় পূর্ণ। এনবিএ তারকা লেব্রন জেমস, টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, মিডিয়া তারকা কিম কার্দাশিয়ানসহ বিভিন্ন আঙিনার তারকারাও এসেছিলেন মাঠে।
সবার অপেক্ষা ফুরিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি এবং শেষ মুহূর্তের ঝলকে হাসি ফোটান সমর্থকদের মুখে। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় আর্জেন্টাইন মহাতারকার কণ্ঠে ঝরল দারুণ শুরুর তৃপ্তি।
“আমাদের জন্য খুবই ভালো একটা ম্যাচ হলো। এমন শুরুই চেয়েছিলাম আমরা, মানুষকে জয় উপহার দিতে চেয়েছিলাম। সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই প্রতিযোগিতায় জয়ে শুরু করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং সেটা করতে পেরে আমরা ভীষণ খুশি।”
ফ্রি কিক নেওয়ার সময়ের ভাবনা জানালেন তিনি। দলের সামনের পথচলায় আত্মবিশ্বাস জোগাতে এই জয় কাজে লাগবে বলেও মনে করেন ইউরোপিয়ান ফুটবল ছেড়ে আসা মেসি।
“সবসময়ের মতোই চেষ্টা করেছি। সৌভাগ্যবশত শটটা ঠিকঠাক হয় এবং বল জালে জড়ায়, গোলরক্ষকও বলের কাছে পৌঁছাতে পারেনি। সব মিলিয়ে উপলক্ষটা আমাদের জন্য অনেক আনন্দের। কেননা, দীর্ঘদিন পর (দল জয় পাওয়ায়) এবং যেভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম, মূলত সে কারণে। যদিও এটা ভিন্ন একটি চ্যাম্পিয়নশিপ, কিন্তু আত্মবিশ্বাস অর্জনের জন্য আমাদের জিততেই হত।”
