২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোর্তোর কষ্ট ইস্তানবুলে পেতে চান না স্টোনস

এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিতে ইতিহাস গড়তে প্রত্যয়ী ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার জন স্টোনস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2023, 05:50 PM

Updated : 07 Jun 2023, 08:30 PM

ইস্তানবুলের ফাইনালে আছে ইতিহাস গড়ার হাতছানি। কিন্তু পোর্তোর সেই বিষাদময় ফাইনালের দুঃসহ স্মৃতিও যে তাড়া করে ফিরছে ম্যানচেস্টার সিটিকে। সেবার চেলসির বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন ‍গুঁড়িয়েছিল সিটির। জন স্টোনসের মনে আজও গেঁথে আছে সেই পীড়াদায়ক স্মৃতি। এবার সেই দুঃস্বপ্নের পুনরাবৃত্তি কোনোভাবেই চান না ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার। 

২০২০-২১ মৌসুমের সেই না পারার ক্ষতে প্রলেপ দিয়ে ‘অমরত্ব’ পাওয়ার আশা নিয়ে ইন্টার মিলানের বিপক্ষে নামবে সিটি। আগামী শনিবার তুরস্কের ইস্তানবুলে হবে এবারের ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই। 

এরই মধ্যে ডাবল জেতা হয়ে গেছে সিটির। ম্যানচেস্টারের দলটি এখন মুখিয়ে ট্রেবল জিততে। যে অনির্বচনীয় স্বাদ ১৯৯৯ সালে কেবল পেয়েছিল তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। 

ইউনাইটেডের কীর্তিতে সিটি ভাগ বসাতে পারবে কিনা, সে উত্তর পেতে আর বেশি অপেক্ষা নেই। কিন্তু সিটির তাবুতে ঘুরেফিরে আসছে পোর্তোর সেই না পারা। চেলসির কাছে ২-১ গোলে হেরে যাওয়া ফাইনালে খেলা স্টোনস এবার ইতিহাসের পুনরাবৃত্তি আটকাতে মরিয়া। 

এতটাই মরিয়া যে, দুই বছর আগের ফাইনালটি তিনি কোনোভাবে মনেই রাখতে চান না! স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপে তার কণ্ঠে ঝরল ইউরোপ সেরার মুকুট জেতার আকুলতা। 

“আবারও এটার (ফাইনালের হার) পুনরাবৃত্তি হতে দিও না। এটা এমন কোথাও হয়েছিল, যেন সেখানে আমরা আগে কখনই ছিলাম না এবং যে পরিস্থিতি, তার মধ্যেও কখনও ছিলাম না।”   

“ওই কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া, পরাজিত দল হয়ে মাঠ ছাড়াটা ছিল ভীষণ কঠিন এবং কষ্টদায়ক বিষয়। আমার জীবনের সবচেয়ে তীব্র অনুভূতির একটি পোর্তোর ফাইনালের ওই হার এবং এখন, সেই অনুভূতি আবারও ফিরে পেতে চাই না।” 

অপ্রতিরোধ্য সিটির ট্রেবল জয়ের সম্ভাবনাই বেশি দেখছে সবাই। তবে দলটির কোচ পেপ গুয়ার্দিওলা শিষ্যদের সতর্ক করে দিয়েছেন। স্টোনসও জানালেন তারা শান্তই আছেন। নিজেদের প্রতি আস্থা, বিশ্বাস নিয়ে নামবেন ইন্টারের বিপক্ষের মহারণে। 

“ফাইনাল নিয়ে, আমরা ভীষণ শান্ত এবং আত্মবিশ্বাসী আছি। জানি, নিজেদের উপর আস্থা রাখা ‍উচিত আমাদের এবং এরই মধ্যে আমরা যা কিছু অর্জন করেছি এবং আমরা যেভাবে খেলছি, তাতে অনেক বিষয়ই কার্যকর হতে শুরু করেছে।”