২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার অস্থায়ী ছাড়পত্র

অর্থের বিনিময়ে রেফারিদের প্রভাবিত করার অভিযোগে বার্সেলোনার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাবে উয়েফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2023, 10:12 PM

Updated : 27 Jul 2023, 10:27 PM

চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী আসরে খেলতে আপাতত কোনো বাধা নেই বার্সেলোনার। অর্থের বিনিময়ে রেফারিদের প্রভাবিত করার অভিযোগে তদন্তের মধ্যে কাতালান ক্লাবটিকে নতুন মৌসুমে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় খেলার অস্থায়ী ছাড়পত্র দিয়েছে উয়েফা। 

স্পেনের রেফারি কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হোসে মারিয়া এনরিকেস নেগরেইরাকে বার্সেলোনার অর্থ দেওয়ার অভিযোগে গত মার্চে ক্লাবটির বিরুদ্ধে মামলা করে স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস। পরে বার্সেলোনার একটি আদালত মামলা নিতে রাজি হয়। 

১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন নেগরেইরা। ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’-কে বার্সেলোনার পক্ষ থেকে ৭৩ লাখ ইউরো দেওয়ার অভিযোগ আছে। 

শুরুতে যদিও খবর বের হয়, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানিকে ১৪ লাখ ইউরো দিয়েছে বার্সেলোনা। 

বার্সেলোনার আইনি কাঠামোর সম্ভাব্য লঙ্ঘনের বিষয়ে পরে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফাও। 

উয়েফা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ২০২৩-২৪ মৌসুমে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় অংশ নিতে বার্সেলোনাকে অস্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। উয়েফা প্রতিযোগিতায় ক্লাবটির অন্তর্ভুক্তি কিংবা বাদ দেওয়ার বিষয়ে ভবিষ্যতের সিদ্ধান্ত সংরক্ষিত আছে বলেও জানানো হয়। 

চলমান তদন্তের অগ্রগতি সম্পর্কে এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি ইন্সপেক্টরকে (ইডিআই) অবহিত রাখতে এবং অনুরোধ করা সমস্ত নথি ও তথ্য ইডিআইকে সরবরাহ করতে বার্সেলোনা বাধ্য থাকবে বলেও জানানো হয় ওই বিবৃতিতে। 

গত দুই মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বার্সেলোনা। এই প্রতিযোগিতায় তাদের পাঁচ শিরোপার সবশেষটি তারা জিতেছিল ২০১৫ সালে।