ডিএসইতে লেনদেনে পড়তি
সপ্তাহের তৃতীয় দিন লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে প্রায় ৮ পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় ১২৪ কোটি টাকার শেয়ার
সপ্তাহের তৃতীয় দিন লেনদেন শেষে সূচক সামান্য কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কমেছে লেনদেনও, যার কারণ হিসেবে আস্থাহীনতার কথা বলছেন বাজার বিশ্লেষকরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় সূচক উপরের দিকে উঠে। তবে এর পর থেকে সূচক কমতে থাকে। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১১৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ৮ পয়েন্ট কম।
হাতবদল হয় প্রায় ১২৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১০৪টির, কমে ১১৪টির এবং অপরিবর্তিত ছিল ৪৮টির দাম।
এ নিয়ে এ বছর ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ছয় দিনই দুইশ’ কোটি নিচে লেনদেন হয়েছে । এ ছয় দিনে দৈনিক গড় লেনদেন ছিল ১৩৮ কোটি টাকা।
এর আগে ২০১২, ২০১১, ২০১০, ২০০৯ ও ২০০৮ সালে দৈনিক গড় লেনদেন ছিল যথাক্রমে ৪২০, ৪৪৬, ১ হাজার ৬৪৩, ৬০৫ ও ২৮২ টাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ওসমান ইমাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্ষুদ্র বিনিয়োগকারীদের নুন্যতম আস্থা পুঁজিবাজারের উপরে নেই, আর প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে নেই। তাই বাজারে লেনদেন কমে গেছে।”
মাইন্ড স্প্রিং রিসার্চের গবেষণায় বলা হয়, “মঙ্গলবার ভ্রমণ ও মিউচুয়াল ফান্ড ও ইন্সুরেন্স খাত বেশি খারাপ করেছে। প্রাইম ব্যাংক, ইউনিকহোটেল এবং জিপি বাজার নেতিবাচক হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।”
সোমবার ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ৩৭ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১২১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
সপ্তাহের প্রথম দিন ডিএসই সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৩ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১৪৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ১ দশমিক ০৫ শতাংশ বা প্রায় ৪৪ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ১৭২ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৫ দশমিক ৯৭ শতাংশ কম।
এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দশমিক ৭৩ শতাংশ বা প্রায় ৩০ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২০৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ৮ দশমিক ২৩ শতাংশ কম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পনি হলো বেক্সিমকো লিঃ, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ারওয়েজ, এনবিএল, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসিসিএল, এনভয় টেক্স ও এনটিসি।
মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো রেনউইক যজ্ঞেশ্বর, রহিম টেক্সটাইল, এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং, লিব্রা ইনফিউশন, আরামিট লি., রিলায়েন্স ইন্সু., আইসিবি ১ম এনআরবি, মুন্নু সিরামিকস ও ৩য় আইসিবি।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, এবিবি ১ম মি. ফা., সমতা লেদার, এএমসিএ (প্রাণ), পিএফ ১ম মি. ফা., সাভার রিফ্রেক্টরিজ, জিলবাংলা সুগার, আরামিট কেমিক্যাল, প্রাইম ব্যাংক, অগ্রণী ইন্সু., প্রাইম ১ আইসিবিএ।
