২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতন চলায় দুর্দশা কমছে না বিনিয়োগকারীদের

পুঁজিবাজারের গত বছরে ধসে প্রায় সব পুঁজি হারিয়ে ফেলা অনেক বিনিয়োগকারীর অবস্থা এ বছরের শেষে এসে আরও খারাপ হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 12:46 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের গত বছরে ধসে প্রায় সব পুঁজি হারিয়ে ফেলা অনেক বিনিয়োগকারীর অবস্থা এ বছরের শেষে এসে আরও খারাপ হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো সূচক কমে। গত আড়াই মাস ধরেই চলছে দরপতনের ধারা, যা দেখে হতাশ হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা। ট্রাস্ট সিকিউরিটিজে বিনিয়োগকারী মোহাম্মদ আনোয়ার হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১১ সালে আমার কাছে থাকা শেয়ার বিক্রি করে দিলে ৬০ লাখ টাকা পেতাম। এখন আমার ব্রোকারেজ হাউজ আমার কাছে উল্টো ৪৫ লাখ টাকা পায়।” আনোয়ার হোসেন ২০০৯ সালে একটি ফ্লাট বিক্রি করে পুঁজিবাজারে কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। তিনি বলেন, “এ পর্যন্ত আড়াই কোটি টাকা বিনিয়োগ করেছি, সব টাকা তো গেছেই এখন ব্রোকারেজ হাউজ আমার কাছে টাকা পাবে।” ২০১০ সালের ডিসেম্বরে গড় সাধারণ সূচক ছিল ৮ হাজার ৩৪০ পয়েন্ট। ২০১১ সালের গড় সূচক ছিল প্রায় ছয় হাজার পয়েন্ট। মঙ্গলবার সাধারণ সূচক দাড়িয়েছে ৪ হাজার ৮৬ পয়েন্টে। অর্থাৎ একজন বিনিয়োগকারী যদি ২০১০ এর ডিসেম্বরে ১০০ টাকায় একটি শেয়ার কিনে থাকেন আজকে তার দাম ৫১ টাকা আর ২০১১ সালে ছিল ৭২ টাকা। আরেক বিনিয়োগকারী হুমায়ুন কবিরও পুঁজি হারিয়ে এখন দেনাদার। সিনহা সিকিউরিটিজ তার কাছে ৭০ লাখ টাকা পায় বলে তিনি জানান। অবশ্য এর মাঝে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পোষানোর কিছু উদ্যোগ নেয়া হয়েছে। গত ৪ মার্চ পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে তাদের নেওয়া মার্জিন ঋণের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত হয়। কিন্তু বাজারে স্থিতিশীলতা আনতে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার নানা উদ্যোগের পরও পুঁজিবাজারে সূচক কমছেই। গত এক মাসে প্রায় ৫৬০ পয়েন্ট বা ১২ শতাংশ সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ । দরপতনের বিষয়ে ডিএসই সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, “প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করছে না। আমাদের কাছে খবর আছে ৬০ শতাংশ ব্যাংকের বাজারে কোন বিনিয়োগ নেই।” তবে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ -এর সভাপতি নুরুল আমিন পুঁজিবাজারে এখনও আস্থার অভাব আছে বলে মনে করেন। “ব্যাংকাররা মনে করে বর্তমানে বাজারে টাকার অভাব নেই। মূল অভাব আস্থা ও নীতি নির্ধারণে সমন্বয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৮৩৬ ঘ.