ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনের পরদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি কেনাবেচাও কিছুটা কমেছে।
সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ডিএসইর সাধারণ সূচক উঠতে শুরু করে। তবে কয়েক দফা ওঠানামায় দিন শেষে সূচক পৌঁছায় ৪ হাজার ৫৪৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কম।
সারাদিনে হাতবদল হয় ৯৫১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। দাম বাড়ে ১০৮টি শেয়ারের, কমে ১৫৪টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির দাম।
পাঁচ মাস পর রোববার এ বাজারে লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকা ছড়িয়ে যায়। সেই সঙ্গে সূচকও বাড়ে।
সপ্তাহের প্রথম দিন হাতবদল হয় ১ হাজার ১৩৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর আগে সর্বশেষ গত ১৫ এপিল এর চেয়ে বেশি (১ হাজার ২০১ কোটি টাকা) টাকার লেনদেন হয়েছিল ডিএসইতে।
রোববার লেনদেন শেষ হয় সূচকের ঘরে ৪ হাজার ৫৬৫ পয়েন্ট নিয়ে, যা আগের দিনের চেয়ে ১৩৪ পয়েন্ট বেশি। দাম বাড়ে ২০২টি শেয়ারের, কমে ৫৭টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম।
গত তিন সপ্তাহেই ৫০০ কোটি টাকার উপর লেনদেন হয়েছে ডিএসইতে। গত সপ্তাহে গড় লেনদেন ছিল ৮১৩ কোটি টাকা। আর এর আগের সপ্তাহে ছিল ৫৯৪ কোটি টাকা।
ডিএসই সূচকে গত তিন সপ্তাহে যোগ হয়েছে ১৭৫ পয়েন্ট। গত সপ্তাহে ডিএসই সূচক ১০৭ পয়েন্ট বাড়ে। আর আগের সপ্তাহে কমে ১২২ পয়েন্ট। তবে তার আগের সপ্তাহে বাড়ে ১৯০ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৫২০ ঘ.
bdnews24