ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ মাস পর লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকা ছড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। সেই সঙ্গে বেড়েছে সূচকও।
রোববার লেনদেন শেষ হওয়ার ২০ মিনিট আগে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ এক হাজার কোটি টাকার ঘর অতিক্রম করে। সারা দিনে হাতবদল হয় ১ হাজার ১৩৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
এর আগে সর্বশেষ গত ১৫ এপিল এর চেয়ে বেশি (১ হাজার ২০১ কোটি টাকা) টাকার লেনদেন হয়েছিল ডিএসইতে।
এদিন বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসই সূচক উঠতে শুরু করে। দিনশেষে সূচক দাঁড়ায় ৪ হাজার ৫৬৫ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১৩৪ পয়েন্ট বেশি।
দিন শেষে দাম বাড়ে ২০২টি শেয়ারের, কমে ৫৭টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম।
এর আগে গত সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক ও লেনদেন দুটোই সামান্য বাড়ে।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন শেষ হয় সূচকের ঘরে ৪ হাজার ৪৩১ পয়েন্ট নিয়ে, যা আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেশি। হাতবদল হয় ৮৮৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৯৫টির, কমে ৪৯টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম।
গত বুধবার ডিএসই সূচক ১০ পয়েন্ট ও মঙ্গলবার ৫৬ পয়েন্ট বাড়ে। এ দুই দিনে হাতবদল হয় যথাক্রমে ৮৭০ কোটি এবং ৯৩৯ কোটি টাকার শেয়ার।
সোমবার ডিএসই সূচক ২৭ পয়েন্ট কমলেও গত সপ্তাহের প্রথম দিন রোববার সূচক বাড়ে ৬০ পয়েন্ট।
গত তিন সপ্তাহে প্রতিদিনই ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে ডিএসইতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৫২০ ঘ.
bdnews24