ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুত লাভ তুলে নেয়ার প্রবণতার কারণে গত সপ্তাহের শেষ দুই দিন ঢাকার পুঁজিবাজারে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান।
বুধ ও বৃহস্পতিবার সব মিলিয়ে ডিএসই সূচক কমেছে প্রায় ৩ দশমিক ৫ শতংশ। ৪ হাজার ৪৮২ পয়েন্ট থেকে ১৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৩২৫ পয়েন্টে নেমে এসেছে সূচক।
পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামও কমেছে এ দুই দিনে। বৃহস্পতিবার লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানির শেয়ারের মধ্যে ১৭৭টির দাম কমে। আগের দিন ২৬৭টির মধ্যে দাম কমেছির ২১৩টির দাম।
রকিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিনিয়োগকারীদের লাভ তুলে নেয়ার প্রবণতার কারণেই সূচক কমেছে।”
সূচক ৪ হাজারের ঘরে থাকার সময় যারা শেয়ার কিনেছেন, তারাই এখন শেয়ার বিক্রি করছেন বলে মনে করেন তিনি।
“একমাস আগে ইউনিক হোটেলের শেয়ারের দাম ছিল ৮০ টাকা, এখন তা ১২০ টাকার ওপরে উঠায় লাভ করার জন্য অনেকেই শেয়ার বিক্রি করে দিয়েছেন। এই বিক্রির চাপে শেয়ারের দাম কমেছে।”
বৃহস্পতিবার দিন শেষে ইউনিক হোটেলের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৮ শতাংশ। লেনদেন হয়েছে ৩৫ কোটি টাকার শেয়ার, যা দিনের দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন।
অবশ্য গত এক মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। গত ৫ অগাস্ট ডিএসই সূচক ছিল ৪ হাজার ৩৯ পয়েন্ট, ৪ সেপ্টেম্বর তা বেড়ে ৪ হাজার ৪৮২ পয়েন্টে দাঁড়ায়। এক মাসের ব্যবধানে সূচক বেড়েছে ৪৪৩ পয়েন্ট বা প্রায় ১১ শতাংশ।
রকিবুর রহমান মনে করেন, প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীরা এগিয়ে আসার কারণেই লেনদেনে এই উন্নতি হয়েছে।
অবশ্য বাজারের প্রবণতা নিয়ে সন্দেহ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ওসমান ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কিছুদিনের লেনদেনের একটি বড় অংশ ৮-১০টি কোম্পানির শেয়ারের মধ্যে সীমাবদ্ধ এবং এগুলোর বেশির ভাগই আইপিও শেয়ার।
তিনি বলেন, “লেনদেনের এ আচরণ কারসাজিমূলক বলে মনে হয়।”
নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এ দিকে নজরে রাখা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/১৩০৯ ঘ.
bdnews24