ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে শেষ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় লেনদেন শুরুর পর আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের বেড়ে ৪ হাজার ২৩০ পয়েন্ট হয়। মাঝখানে একদফা পতনের পর দেড় ঘণ্টার লেনদেন শেষে সূচক দাঁড়ায় ৪ হাজার ২২৪ পয়েন্টে।
তবে দিন শেষে সূচকের ঘরে ৪ হাজার ২৫৬ পয়েন্ট নিয়ে এ বাজারে লেনদেন শেষ হয়, যা আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট বেশি।
এদিন ডিএসইতে হাতবদল হয় ৩৬২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৬৭টির, কমে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির দাম।
এর আগে সোমবার লেনদেন শেষে ডিএসই সূচক প্রায় ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ২০৮ পয়েন্ট হয়। হাতবদল হয় ২৭৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৪৮টির, কমে ১৯৭টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম।
সপ্তাহের প্রথম দিন রোববার সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৯৪ পয়েন্ট। হাতবদল হয় ৩৭৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
গত সপ্তাহে ডিএসই সূচক বাড়ে ১.০৬ শতাংশ বা ৪৩.৫৪ পয়েন্ট। এর আগের সপ্তাহে সূচক কমে ৪.৩৫ শতাংশ বা প্রায় ১৮৬.২৭ পয়েন্ট।
মঙ্গলবার লেনদেন শেষে পুঁজিবাজারে ১১ দিনের ঈদের ছুটি শুরু হয়েছে। ২৬ অগাস্ট থেকে আগের সময়সূচি অনুযায়ী বেলা সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে বলে ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১৫০১ ঘ.
bdnews24