ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেন্ট্রাল ডিপোজিটারি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সার্ভারের সমস্যার সমাধান হয়েছে।
সিডিবিএল সার্ভারে সমস্যার কারণে দেশের পুঁজিবাজারে মঙ্গলবারের লেনদেন বন্ধ থাকে। সার্ভার জটিলতার কারণে সোমবারের লেনদেন নিষ্পত্তিতে জটিলতা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিডিবিএল-এর কারিগরি বিভাগের সিস্টেম এডমিন জিএম এহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “আমাদের অ্যাপলিকেশনে একটি সমস্যা হওয়ায় আমাদের ক্লায়েন্টরা ঢুকতে পারছিল না। আমাদের অ্যাপলিকেশন টিম সিএমসি ইন্ডিয়া আজকে সকালে মুম্বাই ও হায়দারাবাদ থেকে কাজ করে সমস্যাটির সমাধান করেছে। এর পর থেকে আমাদের ক্লায়েন্টরা ঢুকতে পারছে।”
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান বলেন, “যেহেতু একদিনের লেনদেন শেষ না করে আরেক দিনের লেনদেন শুরু করা যায় না তাই সিডিবিএলের অনুরোধে আজকের লেনদেন বন্ধ করা হয়েছিল। সিডিবিএলের সমস্যা সমাধান হওয়ায় আগামীকাল যথারীতি লেনদেন চালু হবে।”
সিডিবিএলের মানবসম্পদ কর্মকর্তা সালাউদ্দিন হায়দার বিকেল সাড়ে তিনটায় সাংবাদিকদের বলেন, “মঙ্গলবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত প্রায় ৪০০ ডিপোজিটরি পার্টিসিপেন্টের (ডিপি) মধ্যে ৩৮০ জন সোমবারের লেনদেনকৃত শেয়ার ক্লিয়ারিং হিসাবে জমা দিতে পেরেছেন।”
“সবগুলো ডিপির শেয়ার জমা পড়লে আগামীকাল থেকে লেনদেন চালু হবে”, যোগ করেন তিনি ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭০২ ঘ.
bdnews24