ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বিনিয়োগ সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা যাবে না বলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে স্মরণ করিয়ে দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বিদ্যমান আইনে এই ধরনের কোনো বিধান না থাকার বিষয়টি জানিয়ে মঙ্গলবার এসইসির এক বিজ্ঞপ্তিতে এই ধরনের কাজ বন্ধ রাখতে সবার প্রতি আহ্বান জানানো হয়।
এসইসির মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিদ্যমান সিকিউরিটিজ আইন অনুযায়ী কোম্পানির বিনিয়োগ সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে প্রকাশের কোনো বিধান নেই বিধায় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করা হল ।”
এই বিষয়ে নিয়ন্ত্রণ সংস্থা এসইসির যুক্তি, শেয়ার কেনাবেচার বিনিয়োগ সংক্রান্ত ঘোষণা বা বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ হলে তাতে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেড মঙ্গলবার পুঁজিবাজারে ৩০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেয়।
এর আগে আরো চারটি ব্যাংক নতুন করে সর্বমোট ৯০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। এসব প্রতিষ্ঠানও একইভাবে বিনিয়োগের ঘোষণা পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে।
এই ব্যাংক চারটি হল- এনসিসি, স্ট্যান্ডার্ড, এক্সিম ও পূবালী ব্যাংক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/১৯২৫ ঘ.
bdnews24