ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের শেয়ারবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ক্ষেত্রেও গুরুত্ব দিতে হবে বলে মনে করেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান।
পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে কয়েকটি মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে বৈঠক শেষে ফায়েকুজ্জামান বলেন, “বৈঠকে বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারি প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গে বিস্তারিত অলোচনা হয়েছে। আমাদেরকে সেকেন্ডারি বাজারের পাশাপাশি প্রাইমারি বাজারকে সমান গুরুত্ব দিতে হবে। কেন না প্রাইমারি বাজার শক্তিশালী না হলে সেকেন্ডারি বাজারে তার প্রভাব পড়বে।”
সোমবার আইসিবির সম্মেলন কক্ষে বৈঠকে চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, অগ্রণী, রূপালী ও জনতা, আইসিবি, জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও স্ট্যান্ডার্ড ব্যাংকের মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত স্কিম কমিটির সুপারিশ অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সুদ মওকুফের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান ফায়েকুজ্জামান।
তিনি বলেন, “যে সব বিনিয়োগকারী ইতিমধ্যে সুদ মওকুফের জন্য আবেদন করেছেন তাঁদের সুদ মওকুফের কার্যক্রম এগিয়ে চলছে। অন্যদেরও আবেদন করতে বলা হয়েছে।”
ফায়েকুজ্জামান জানান, বাজারে স্থিতিশীলতা রক্ষায় গঠিত বাংলাদেশ ফান্ড নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
তিনি বলেন, বাংলাদেশ ফান্ড বিনিয়োগের ক্ষেত্রে ভাল করছে। ফান্ডটির মৌলভিত্তিও ভাল। অনেক বিদেশি বিনিয়োগকারী এই ফান্ডে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। এক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের কিছুটা সুবিধা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও আলোচনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭৪২ ঘ.
bdnews24