২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নতুন মুদ্রানীতি পুঁজিবাজারবান্ধব হবে’

নতুন মুদ্রানীতি পুঁজিবাজারবান্ধব হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমানকে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 11:36 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, ১৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন মুদ্রানীতি পুঁজিবাজারবান্ধব হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমানকে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। মঙ্গলবার বিকেলে গভর্নরের সাথে বৈঠক শেষে ডিএসইতে সাংবাদিকদের রকিবুর বলেন, “নতুন মুদ্রানীতি নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠক করেছি। গভর্নর আমাকে আশ্বস্ত করেছেন এবারের মুদ্রানীতি পুঁজিবাজারবান্ধব হবে।” বুধবার জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক। রকিবুর বলেন, “কয়েকদিন ধরে বাজারে গুজব আছে নতুন মুদ্রানীতি সংকোচনমূলক হবে। কিন্তু শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ে- মুদ্রানীতিতে এমন কিছু থাকবে না হলেও গভর্নর আমাকে জানিয়েছেন।” “গভর্নর বলেছেন, বিকল্প অর্থায়নের একটি বড় মাধ্যম হলো পুঁজিবাজার। তাই যেকোনো মূল্যে পুঁজিবাজারে স্থিতিশীল পরিবেশ ধরে রাখতে হবে । তাই মানি মার্কেটে টাকার সরবরাহ বৃদ্ধি, মূল্যস্ফীতি কমানো এবং পুঁজিবাজারের দিকে খেয়াল রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে”, যোগ করেন তিনি। রকিবুর বলেন, “বর্তমান অস্থিতিশীল পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রয়োজন। এই বাজারে স্বল্পমেয়াদী বিনিয়োগ করলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি একটু বেশি থাকে।” প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই মূহুর্তে বাজার স্থিতিশীল করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে উল্লেখ করে ডিএসই সভাপতি বলেন, “এখনই তাদের বিনিয়োগে হাত বাড়িয়ে দেওয়া উচিত। এতে বাজারকে যেমন সাপোর্ট দেওয়া হবে তেমনি যারা বিনিয়োগ করবে তাদেরও লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭২২ ঘ.