ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দিন দরপতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিনের লেনদেন শেষ হয়েছে ঊর্ধ্বমুখী সূচক নিয়ে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক কমলেও কিছুক্ষণ পর তা বাড়তে থাকে। লেনদেনের শেষভাগে এসে তা আবার কমে। দিনশেষে সাধারণ সূচক ৪ হাজার ২৭ পয়েন্টে দাঁড়ায়, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৪ পয়েন্ট বেশি।
হাতবদল হয় ১২১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৮৫টির, কমে ৫১টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দাম।
দরপতনের ধারায় সোমবার ডিএসই সূচক ৪ হাজার পয়েন্টের নিচে নেমে গিয়েছিল।
এর আগে সপ্তাহের প্রথম দিন রোববারও ব্যাপক দরপতন হয় ঢাকার পুঁজিবাজারে। সূচক ১৬৩ পয়েন্ট পড়ে যাওয়ার পাশাপাশি অধিকাংশ শেয়ারের দাম কমে যায়।
দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা গত দুই দিনই ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করে।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২ দশমিক ৯৩ শতাংশ বা ১২৫ দশমিক ৮৫ পয়েন্ট কমে। এর আগের সপ্তাহে সূচক কমে ৬ দশমিক ১৭ শতাংশ বা ২৮২ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৫৮ ঘ.
bdnews24