ঢাকা, ১৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে কারসাজি কমিয়ে আনতে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন নিরীক্ষার জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) দক্ষ নিরীক্ষক নিয়োগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এছাড়া অডিট ফার্মগুলো যাতে কোনো ধরনের কারসাজির আশ্রয় নিতে না পারে সেজন্য নিয়ন্ত্রক সংস্থাকে আরো সক্রিয় হওয়ারও প্রস্তাব করেন তারা।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এ্যাডভ্যান্সড রিচার্স ইন সায়েন্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে অ্যাকাউন্টিংয়ের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব বলেন।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বলেন, “বাংলাদেশে যে অডিট ফার্মগুলো রয়েছে তাদের মধ্যে কেউ না কেউ অনিয়ম অথবা ভুল করছে। কিন্তু কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।”
এসব অনিয়ম রোধে এসইসির পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যোগ্য নিরীক্ষক নিয়োগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
আবু আহমেদ বলেন, নিরক্ষকেরা যে প্রতিবেদন তৈরি করেন তা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। তাই কোম্পানির প্রকৃত অবস্থা না বুঝেই তারা বিনিয়োগ করেন। এ সমস্যা এড়াতে অর্থিক প্রতিবেদন এমনভাবে তৈরি করতে হবে যাতে সাধারণ বিনিয়োগকারীরা বুঝতে পারেন।
তিনি বলেন, সাধারণত কোম্পানির ব্যবস্থাপনা যে প্রতিবেদন নিরীক্ষক প্রতিষ্ঠানকে দেয় তারা তাই অনুমোদন করে। এক্ষেত্রে নিরীক্ষা করা প্রতিবেদনে কোনো সমস্যা আছে কি না তা চিহ্নিত করতে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এসইসিকেভূমিকা পালন করতে হবে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এসইসির সাবেক চেয়ারম্যান মির্জা এ বি আজিজুল ইসলাম।
আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (আইএএস), এসইসির অধ্যাদেশ ও কোম্পানি আইন অনুযায়ী হতে হবে। নিরীক্ষক প্রতিষ্ঠানগুলোকে এক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালনেরও প্রয়োজন রয়েছে।
ডিএসইর সভাপতি রকিবুর রহমান বলেন, “শেয়ারবাজারের উন্নয়নে অ্যাকাউন্টিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট কোম্পানির আর্থিক প্রতিবেদন অবশ্যই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে।”
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান বলেন, “আর্থিক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে নিরীক্ষক একা কিছু করতে পারে না। প্রতিবেদনে অ্যাকাউন্ট্যান্টরা ন্যায্য মূল্য নির্ধারণ করবেন। আর নিরীক্ষক সেটা পরীক্ষা-নিরীক্ষা করে অনুমোদন দেবেন। এক্ষেত্রে আন্তর্জাতিক মান যাতে অনুসরণ করা হয় সে বিষয়ে বিধি-বিধান থাকা দরকার।”
ডিএসইর সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনের সব ভুলের জন্য এসইসিকে দায়ী করেন।
তিনি বলেন, “অঙ্ক বা সংখ্যা কখনো ভুল হয় না। যারা আর্থিক প্রতিবেদন তৈরি করে তারাই এটি ভুল করে দেয়। আর এসইসি তাই গ্রহণ করছে। বিনিয়োগকারীরা ভুল করছে না, বরং আমরাই তাদের ভুল বোঝাচ্ছি।”
“বিনিয়োগকারীদের ফাঁকি দেওয়ার জন্য আর্থিক প্রতিবেদন অনেক জটিল করে উপস্থাপন করা হয়। আর এসব ফাঁকি ধরার দায়িত্ব এসইসির। এসইসিকে বিনিয়োগকারীদের রক্ষা করতে হবে। একইসঙ্গে বাজার নিয়ন্ত্রণ করতে হবে।”
আইসিএবির সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ বলেন, “প্রত্যেক পেশায় কিছু দুষ্কৃতকারী রয়েছে। এরাই নানা ভাবে মানুষকে প্রতারিত করে। আর্থিক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে কেউ অনিয়ম করলে তাকে শাস্তির আওতায় আনা উচিত।”
ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) আকতার হোসেন সান্নামাত বলেন, “এসইসি, ডিএসই ও সিএসইতে আর্থিক প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষার জন্য দক্ষ লোকবল থাকতে হবে।”
এছাড়া কর্মশালায় অন্যদের মধ্যে এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ও ইউজিসির সদস্য আবুল হাসেম, অধ্যাপক মাহমুদ উসমান ইমাম, অধ্যাপক স্বপন কুমার বালা, অধ্যাপক মোহাম্মদ মুসা, সিএসইর সভাপতি আল মারুফ খান, ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী, ডিএসইর পরিচালক আহসানুল ইসলাম টিটো ও সিলমার্ট চিশতি প্রমুখ আলোচনা করেন।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘উচ্চ শিক্ষার মানোন্নয়ন-হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট’ প্রকল্পের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এএইচ/২৩২২ ঘ.
bdnews24