ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের লেনদেন শুরুর দিনে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড কোম্পানির শেয়ার লেনদেনের শীর্ষে উঠেছে।
তালিকাভুক্তির পর দেশের দুই শেয়ারবাজারে সোমবার লেনদেন শুরু হয় এ প্রতিষ্ঠানের।
ডিএসইতে মোট লেনদেনের ১৫ দশমিক ৫ শতাংশ ছিল ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের শেয়ার।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৫ টাকা ইস্যু মূল্যের প্রতিটি শেয়ারের লেনদেন শুরু হয় ৯০ টাকা থেকে, যা দিন শেষে দাঁড়ায় ৭৮ টাকা ৫০ পয়সায়।
এদিন ডিএসইতে কোম্পানিটির ৪২ লাখ ৮২ হাজার ৪০০ টি শেয়ার লেনদেন হয়েছে, যার মূল্য প্রায় ৩৪ কোটি ৫৬ লাখ টাকা।
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের মোট শেয়ার সংখ্যা ২৫ কোটি ৬০ লাখ। এর মধ্যে ১০ দশমিক ১৬ শতাংশ অর্থাৎ ২ কোটি ৬০ লাখ শেয়ার বাজারে ছেড়ে ১৯৫ কোটি টাকা সংগ্রহ করেছে কোম্পানিটি।
প্রতিটি ১০ টাকার শেয়ারে প্রিমিয়াম রাখা হয়েছিল ৬৫ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৬৩৯ ঘ.
bdnews24