২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের মধ্যে সংসদে উঠবে ডিমিউচ্যুয়ালাইজেশন নীতিমালা

স্টক এক্সচেঞ্জের মালিকানা ও ব্যবস্থাপনাকে আলাদা করা লক্ষ্যে ডিমিউচ্যুয়ালাইজেশন নীতিমালা ডিসেম্বর মাসের মধ্যে সংসদে উঠবে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রেসিডেন্ট আল মারুফ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 09:35 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা , জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্টক এক্সচেঞ্জের মালিকানা ও ব্যবস্থাপনাকে আলাদা করা লক্ষ্যে ডিমিউচ্যুয়ালাইজেশন নীতিমালা ডিসেম্বর মাসের মধ্যে সংসদে উঠবে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রেসিডেন্ট আল মারুফ খান। রোববার ঢাকায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুই স্টক এক্সচেঞ্জের যৌথ সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান আল মারুফ খান। এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি রকিবুর রহমান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারীর কাছে ডিমিউচ্যুয়ালাইজেশন নীতিমালার খসড়া জমা দেন। আল মারুফ খান বলেন, “আমরা আশা করছি ডিমিউচ্যুয়ালাইজেশন আইন বাস্তবায়ন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এর কার্যক্রম শুরু করব এবং তার পর থেকে ৬ থেকে ৯ মাসের মাথায় আমরা ডিমিউচ্যুয়ালাইজেশন প্রক্রিয়াটি শেষ করব।” । তিনি বলেন, “আমরা দুই স্টক এক্সচেঞ্জ পত্র জমা দেওয়ায় ভিন্নতা, অভিন্নতা এবং কৌশলগত পার্থক্য রয়েছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। সব শেষে আমরা ডিমিউচ্যুয়ালাইজেশনের বিষয়ে অভিন্ন অবস্থানে থেকে একটি মডেল দাঁড় করানোর ব্যাপারে একমত হয়েছি। ডিএসইর সভাপতি রকিবুর রহমান বলেন, “ডিমিউচ্যুয়ালাইজেশন বাস্তবায়ন হলে বাজারে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।” গত বছরে জানুয়ারিতে পুঁজিবাজারে ধসের পর স্টক এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশনের বিষয়টি সামনে চলে আসে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও এ নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন। স্টক এক্সচঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশনে পুঁজিবাজারের পরিস্থিতির উন্নয়ন হবে বলে গত গত ১১ জুন সংসদে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, “এ প্রক্রিয়া শেষ হওয়ার পর আমি পুঁজিবাজার নিয়ে মন্তব্য করব।” অর্থমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের আগে মালিকানা ও ব্যবস্থাপনাকে পৃথক করা হবে। ডিসেম্বরের পর পুঁজিবাজারে কিছু মৌলিক পরিবর্তন দেখা যাবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৫২৮ ঘ.