২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসির ২ সিসি ধারা নিয়ে রিটের শুনানি মুলতবি

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আইনের ২ সিসি ধারা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের চতুর্থ দিনের শুনানি হয়েছে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 05:02 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আইনের ২ সিসি ধারা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের চতুর্থ দিনের শুনানি হয়েছে বুধবার। বৃহস্পতিবার সকালে আবার শুনানির শুরুর সময় রেখে আদালত মুলতবি করেছে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ। সকালে রিটকারীদের পক্ষে রমজান আলী শিকদার ও ড. কামাল হোসেন বক্তব্য রাখার পর বেলা ১টায় বিরতি দেওয়া হয়। এরপর বেলা ২টায় আবার শুনানি শুরু হলে রিটকারীদের পক্ষে ব্যরিস্টার রোকনউদ্দিন মাহমুদ যুক্তিতর্ক তুলে ধরেন। এরপর ডিএসইর আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলামের বক্তব্য শুনে আদালত মুলতবি করা হয়। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আইনের ২ সিসি ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত ৪ জুন রুল জারি করে আদালত। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ, ১৯৬৯-এর ২ সিসি ধারা চ্যালেঞ্জ করে পাঁচ কোম্পানির ২৪ জন পরিচালকের ৫টি রিট আবেদনের প্রেক্ষিতে আদালত ওই রুল দেয়। ২ সিসি ধারার অনুযায়ী উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসি নির্দেশনা দিয়েছিল। পাঁচটি আবেদনে এ ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। ২ সিসি ধারায় কোম্পানি আইন ১৯৯৪ অথবা বিদ্যমান কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক না হলে নিয়ন্ত্রক সংস্থাকে শর্তারোপের ক্ষমতা দেওয়া হয়েছে। উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসির নির্দেশনার বিরুদ্ধে তিনটি রিট আবেদন খারিজের পর দিন গত ২২ মে এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ও প্রাইম ফিনান্সের ২৪ জন পরিচালক হাই কোর্টে এই পাঁচটি আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/জেকে/১৭১২ ঘ.