২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সূচক সামান্য কমেছে

সপ্তাহের চতুর্থ দিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে ১০ দশমিক ৬৮ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 05:15 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ দিন দিনভর ওঠানামার পর সূচক সামান্য কমেছে। বুধবার লেনদেন শুরুর পর প্রথম ৪৫ মিনিট সূচক বাড়ে। এর পর তা নিচের দিকে নামতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১০ দশমিক ৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮০ পয়েন্টে দাঁড়ায়। ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া ২৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম। হাতবদল হয় ১৪৯ কোটি টাকার শেয়ার। মঙ্গলবার লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় প্রায় ২ পয়েন্ট। হাতবদল হয় ১২৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার, যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে এর চেয়ে কম ১২৭ কোটি টাকার লেনদেন হয়েছে গত ১১ মার্চ। সোমবার লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক কমে ৩৬ পয়েন্ট। সপ্তাহের শুরুর দিন রোববার সাধারণ সূচক কমে প্রায় ৪৪ পয়েন্ট। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক প্রায় ৩৫ দশমিক ০৬ পয়েন্ট বা দশমিক ৭৪ শতাংশ বাড়ে। গড় দৈনিক লেনদেন বেড়ে দাঁড়ায় ২৮১ কোটি টাকায়, যার পরিমাণ তার আগের সপ্তাহে ছিল ১৯৩ কোটি টাকা। বুধবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, জিবিবি পাওয়ার, এসআইবিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, এক্সিম ব্যাংক, গ্রামীণ ফোন, তিতাস গ্যাস, ইউসিবিএল, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও যমুনা অয়েল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, জিবিবি পাওয়ার, ডেল্টা স্পিনার্স, আইসিবি ইসলামিক, রেকিট বেঙ্কাইজার, রিলায়েন্স ১, লিন্ডে বিডি, প্রগতি লাইফ ইন্সুরেন্স, আইসিবি ১ম এনআরবি, আইসিবি এএমসিএল ২য় ও রেনউইক যজ্ঞেশ্বর। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, দুলামিয়া কটন, এসআইবিএল, ইস্টার্ন কেবলস্, এইচআর টেক্স, মেঘনা কনডেন্সড মিল্ক, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, জিলবাংলা সুগার মিল, ২য় আইসিবি, উসমানিয়া গ্লাস ও এএমসিএল (প্রাণ)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৬০৩ ঘ.