ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আইনের ২ সিসি ধারাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে আদালত।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ, ১৯৬৯-এর ২ সিসি ধারাকে চ্যালেঞ্জ করে পাঁচ কোম্পানির ২৪ জন পরিচালকের ৫টি রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি এ রুল জারি করে।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা জানান, সরকার ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে এক সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে হবে। বাদি পক্ষ ২ সিসি ধারার স্থগিতাদেশ চেয়েছিল, আদালত নাকচ করে দিয়ে এ রুল জারি করে।
২ সিসি ধারার অনুযায়ী উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসি নির্দেশনা দিয়েছিল। পাঁচটি আবেদনে এ ধারার বৈধতাই চ্যালেঞ্জ করা হয়েছে। ২ সিসি ধারায় কোম্পানি আইন ১৯৯৪ অথবা বিদ্যমান কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক না হলে নিয়ন্ত্রক সংস্থাকে শর্তারোপের ক্ষমতা দেওয়া হয়েছে।
রোববার সকালে প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের আদালতে পাঁচটি রিট আবেদনের বিষয়টি উঠলে এগুলো শুনানির জন্য বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে পাঠান।
৫ কোম্পানি এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ও প্রাইম ফিনান্সের পক্ষে তাদের আইনজীবী ড. কামাল হোসেন, রোকনউদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম ও আকতার ইমাম তাদের বক্তব্য তুলে ধরেন।
এসইসির পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
২২ মে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির ২৪ জন পরিচালক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ, ১৯৬৯-এর ২ সিসি ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। আদালত সব পক্ষের বক্তব্য শুনে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে প্রধান বিচারপতির কাছে পাঠান।
উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণে বিষয়ে এসইসির নির্দেশনার বিরুদ্ধে তিনটি রিট আবেদন খারিজের পর দিন হাই কোর্টে এই পাঁচটি আবেদন করা হয়।
যে আইনের ধারা অনুযায়ী এসইসি নির্দেশনাটি পাঠিয়েছিল, পাঁচটি আবেদনে সে ধারার বৈধতাই চ্যালেঞ্জ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১১১৪ ঘ.
bdnews24