২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিট খারিজ, শেয়ার ধারণের শর্ত বহাল

আদালতের এই আদেশের ফলে এসইসির নির্দেশনা অনুযায়ী সোমবারের মধ্যেই শেয়ার ধারণের শর্ত পূরণ করতে হবে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা ও পরিচালকদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 06:32 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্যোক্তা ও পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা এসইসির প্রজ্ঞাপনের বিরুদ্ধে রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট। বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। এর ফলে সোমবারের মধ্যে প্রতিটি কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের শর্ত বহাল থাকল। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর ওই আদেশ জারি করে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এতে বলা হয়, কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ এবং প্রত্যেক পরিচালকের ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে। আদেশ জারির ছয় মাসের মধ্যে এ শর্ত পূরণ করতে বলা হয়, যে সময় সোমবারই শেষ হচ্ছে। এসইসির ওই আদেশ চ্যালেঞ্জ করে এনসিসি ব্যাংকের পরিচালক হতে ইচ্ছুক ব্যক্তি এবং পপুলার লাইফ ইন্সুরেন্স ও ডেল্টা লাইফ ইন্সুরেন্সের কয়েকজন পরিচালক তিনটি রিট আবেদন করেন। এ বিষয়ে শুনানিতে এসইসি, ডিএসই, সিএসই ও বিনিয়োগকারীদের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, ব্যারিস্টার ফজলে নূর তাপস ও ব্যারিস্টার তানিয়া আমীর। উদ্যোক্তা পরিচালকদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক ও ড. এম জহির। হাইকোর্টের আদেশের ব্যাখ্যা দিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “আজকের মধ্যে পরিচালকদের কেউ ২ শতাংশ শেয়ার ধারণ না করতে পারলে তার পরিচালক পদ চলে যাবে।” “এই রায়ের পরিপ্রেক্ষিতে বাজার আরো স্থিতিশীল হবে। এখন আর কেউ ফটকাবাজি করতে পারবে বলে আমার মনে হয় না”, যোগ করেন তিনি। এসইসির প্রজ্ঞাপনটি পুঁজিবাজারকে স্থিতিশীল করার জন্য জারি করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, “এটা জনস্বার্থে এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে করা হয়েছে। এটা কোম্পানির স্বার্থও সংরক্ষণ করে। তাই এতে কারো ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই।” আদালতের আদেশকে যুগান্তকারী হিসেবে উল্লেখ করে মাহবুবে আলম বলেন, “একটি ঘরে লোক থাকলে তারাই সেই ঘরটাকে রক্ষা করে। ঘরে কেউ না থাকলে বাইরে থেকে এসে অন্য কেউ নষ্ট করতে পারে। যাতে পরিচালকরা কোম্পানিগুলোর ভিতরে থাকতে বাধ্য হয়, সেজন্যই এসইসির প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল।” হাই কোর্টের এ আদেশের পর প্রতিক্রিয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি রকিবুর রহমান বলেন, “ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে আদালত যে রায় দিয়েছে তা পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের জন্য খুবই ভালো। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ২ শতাংশ শেয়ার ধাকার প্রয়োজনীয়তা আদালত অনুভব করতে পেরেছে। এটা বাজারের জন্য মঙ্গলজনক হবে।” রায় শেষ হওয়ার পর আদালত প্রাঙ্গনে উপস্থিত বিনিয়োগকারীরা আদালত প্রাঙ্গনে আনন্দ মিছিল করে। বিনিয়োগকারীদের পক্ষে শুনানিতে অংশ নেওয়া ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, “এই রায় বিনিয়োগকারীদের পক্ষে হয়েছে, এতে পুঁজিবাজার স্থিতিশীল হবে। এক শ্রেণীর উদ্যোক্তা পরিচালক সব শেয়ার বিক্রি করে বাজারে দুর্দশা ডেকে এনেছে। তাদের আজকের মধ্যে শেয়ার কিনতে হবে।” এসইসির প্রজ্ঞাপনের বিরুদ্ধে বিরুদ্ধে প্রথম রিট আবেদনটি করে গত ৮ এপ্রিল ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসিবিএল) পরিচালক হতে আবেদন করা শেখ আব্দুল মোমিন। ওই রিটের শুনানি শেষে আদালত একটি রুল জারি করে চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, বাণিজ্য সচিব, এসইসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রার, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে জবাব দিতে বলে। ৭ মে পপুলার লাইফ ইন্সুরেন্সের পরিচালক আবুল বাশারের আরেকটি রিট আবেদনের প্রেক্ষিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এই প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চায় আদালত। ৮ মে এসইসির জারি করা প্রজ্ঞাপনের ওপর স্থগিতাদেশ চেয়ে রিট আবেদন করে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের ১১ জন ও ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের দুই জন পরিচালক। এই দুটি রিট আবেদনের ওপর শুনানি শেষেও এই বেঞ্চ একই রুল জারি করেছিল। পরে ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালকরা তাদের আবেদন প্রত্যাহার করে। আদালত বাকি তিনটি রিট আবেদনের ওপর এক সঙ্গে শুনানির সিদ্ধান্ত জানায়। গত বুধবার ও রোববার দুই পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক তুলে ধরার পর সোমবার রায় ঘোষণার দিন ধার্য করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/এসএন/এসইউ/১৫৪২ ঘ.