ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ দিন লেনদেন শেষে সূচক কমেছে। লেনদেনও হয়েছে গতদিনের চেয়ে কম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার লেনদেন শুরুর পর সাধারণ সূচক ওঠানামার মধ্য দিয়ে বাড়তে থাকে। তবে দুপুর ১টা ৪০ মিনিটে সাধারণ সূচক নিচের দিকে নামতে শুরু করে। দিনশেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৯ পয়েন্ট কমে ৫ হাজার ১০ পয়েন্ট হয়েছে।
এ সময় পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত আছে ২৫টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৩৪৯ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে প্রায় ৮৪ কোটি টাকা কম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার লেনদেন শেষে সাধারণ সূচক কমে প্রায় ৩৭ পয়েন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৫৫ পয়েন্ট। রোববার সপ্তাহের প্রথম দিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে সাধারণ সূচক কমে প্রায় ৭৫ পয়েন্ট।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই সাধারণ সূচক প্রায় ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৬৪ শতাংশ কমে। গড় দৈনিক লেনদেন কমে দাঁড়ায় ৩৮৪ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ৪৫৩ কোটি টাকা।
গত সপ্তাহের আগের সপ্তাহে সাধারণ সূচক কমে প্রায় ২ পয়েন্ট। এরও আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২০৪ পয়েন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ কমেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৫২ ঘ.
bdnews24