২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: ওঠানামার পর সূচক কমল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিন লেনদেন শেষে সাধারণ সূচক কমেছে প্রায় ৩৭ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 05:46 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিনের লেনদেন শেষে সাধারণ সূচক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার লেনদেন শুরুর পর ওঠানামার মধ্য দিয়ে সূচক বাড়ে। দ্বিতীয় ঘণ্টা থেকে সাধারণ সূচক কমতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৩৭ পয়েন্ট কমে ৫ হাজার ২০ পয়েন্ট হয়েছে। এ সময় পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত আছে ২৩টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৪৩৩ কোটি টাকার শেয়ার। পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিতে দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে মানববন্ধন করে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। এ সময় পরিচালকদের শেয়ার ধারণ নিয়ে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের জারি করা প্রজ্ঞাপনের ওপর রিট আবেদন করা পরিচালকদের বিচার দাবি করেন ঐক্য পরিষদের নেতারা। ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৫৫ পয়েন্ট। রোববার সপ্তাহের প্রথম দিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে সাধারণ সূচক কমে প্রায় ৭৫ পয়েন্ট। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই সাধারণ সূচক প্রায় ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৬৪ শতাংশ কমে। গড় দৈনিক লেনদেন কমে দাঁড়ায় ৩৮৪ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ৪৫৩ কোটি টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে সাধারণ সূচক কমে প্রায় ২ পয়েন্ট। এরও আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২০৪ পয়েন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ কমেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৫২৮ ঘ.