ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে টাকা সাদা করার সুযোগ আগামীতেও থাকছে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কথায় স্পষ্ট হয়েছে।
আগামী বাজেট নিয়ে মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি বলেছেন, “এখানে (শেয়ার বাজারে) যত সুযোগ আছে, আগামী বাজেটেও তা অব্যাহত থাকবে।”
বর্তমান অর্থবছরের বাজেটে ১০ শতাংশ কর দিয়ে পুঁজিবাজারে অপ্রদর্শিত বা করবহির্ভূত অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হয়েছিল।
এছাড়া গত বছর পুঁজিবাজারে অস্থিরতার মধ্যে প্রণোদনামূলক বেশ কয়েকটি কার্যক্রম গ্রহণ করে সরকার। এর মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগ করা অর্থের উৎস সম্পর্কে এনবিআর প্রশ্ন তুলবে না বলেও তখন জানানো হয়।
র্যাডিসন হোটেলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) ও মাছরাঙা টেলিভিশন আয়োজিত ‘বাজেট ২০১২-১৩ : আমাদের প্রত্যাশা’ শীর্ষক আলোচনায় বলেন, “শেয়ার বাজারে এবার ছোঁয়াছুঁয়ি কিছুই করা হবে না। কারণ, এই স্টক মার্কেট খুবই স্পর্শকাতর জায়গা।”
কালো টাকা প্রসঙ্গে মুহিত বলেন, “কালো টাকা প্রত্যেক দেশেই আছে। তবে আমরা এটাকে এখন অপ্রদর্শিত আয় বলে থাকি।”
গত ২ মে এক বৈঠক শেষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনআরবি) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ আগামী অর্থবছরে পুঁজিবাজারে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছিলেন।
তিনি বলেছিলেন, “পুঁজিবাজারের জন্য যে সব প্রণোদনা দেওয়া হয়েছে, তার সবই আগামীতে অব্যাহত থাকবে। বিনিয়োগকারীরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি আমাদের বিবেচনায় আছে।”
আগামী বাজেটেও অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বৈধ করার সুযোগ থাকবে কি না- সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এনবিআর চেয়ারম্যান বলেন, “বর্তমানে যা আছে, তার কোনো পরিবর্তন হবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএএইচ/এমআই/২২২০ ঘ.
bdnews24