২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন বন্ধের মধ্যে পদ্মা অয়েলের লভ্যাংশ ঘোষণা

লেনদেন বন্ধ থাকার মধ্যেই শনিবার বিনিয়োগকারীদের জন্য আরো ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে জ্বালানি তেল বিপণনকারী রাষ্ট্রায়াত্ত কোম্পানি পদ্মা অয়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 02:12 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেনদেন বন্ধ থাকার মধ্যেই শনিবার বিনিয়োগকারীদের জন্য আরো ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে জ্বালানি তেল বিপণনকারী রাষ্ট্রায়াত্ত কোম্পানি পদ্মা অয়েল। এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর চলতি সপ্তাহেই পুঁজিবাজারে লেনদেনে আসার আশাও করেছেন কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। পদ্মা অয়েলের কোম্পানি সচিব মহিউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সব কাগজপত্র স্টক এক্সচেঞ্জে পাঠিয়ে দিয়েছি। আগামী সোম অথবা মঙ্গলবার থেকে শেয়ার লেনদেনে শুরু হবে বলে আমরা আশা করছি।” আইনি জটিলতার কারণে গত বছরের ৩০ মার্চ থেকে বন্ধ হয়ে আছে পদ্মা অয়েলের শেয়ার লেনদেন। এর ফলে আটকে পড়েছে তাদের শেয়ারধারী অসংখ্য বিনিয়োগকারী। শনিবার ২০০৯-২০১০ সমাপনী বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করেছে পদ্মা অয়েল কর্তৃপক্ষ। ওই বছরের জন্য বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ স্টক লভ্যাংশ এদিন অনুমোদন করা হয়েছে। এ লভ্যাংশের রেকর্ড তারিখ ছিল ২০১১ সালের ৪ এপ্রিল। অর্থাৎ লেনদেন বন্ধ হওয়ার সময় যাদের কাছে পদ্মা অয়েলের শেয়ার ছিল, তারা এ লভ্যাংশ পাবেন। মহিউদ্দিন আহমেদ বলেন, শনিবার পর্ষদের সভায় ২০১০-১১ সমাপনী বছরের জন্যও ৫০ শতাংশ স্টক এবং ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। লভ্যাংশের রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ জুন এবং এজিএম হবে আগামী ২৮ জুন। বিগত বছরগুলোতে উচ্চহারে স্টক লভ্যাংশ ঘোষণা করা পদ্মা অয়েল নিয়ে জটিলতা শুরু হয় ২০১০ সালের ১৮ ডিসেম্বর। ওই দিন ২০০৯-১০ বছরে জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এরপর ২ জানুয়ারি আজিজ আহমেদ নামের এক বিনিয়োগকারী লভ্যাংশ ঘোষণার পদ্ধতি নিয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। তার অভিযোগ, নিয়ম থাকা সত্ত্বেও বিনিয়োগকারীদের আগে না জানিয়ে লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এতে পদ্মা অয়েলের লভ্যাংশ, রেকর্ড তারিখ ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) তিন মাসের জন্য স্থগিত করে হাই কোর্টের একটি বেঞ্চ। ২০ ফেব্রুয়ারি ডিএসই ওয়েবসাইটে জানানো হয়, পদ্মা অয়েলের আপিলের আবেদনে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত হয়। নতুন করে রেকর্ড ও এজিএমে তারিখ ঘোষণা করা হবে বলে পদ্মা অয়েলের পক্ষ থেকে জানানো হয়। এর পর ২০ মার্চ ২০০৯-১০ বছরের জন্য নতুন করে আবার ৫০ শতাংশ স্টক ও ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। একই বছরের জন্য দুটি লভ্যাংশ ঘোষণার নিয়ম না থাকায় এসইসির নির্দেশে গত বছরের ৩০ মার্চ থেকে পদ্মা অয়েলের শেয়ারের লেনদেন বন্ধ করে দেওয়া হয়। এরপর আবার আদালতের দারস্ত হয় সরকারি কোম্পানিটি। মহিউদ্দিন আহমেদ জানান, গত ২০ মার্চ এক আদেশে উচ্চ আদালত আগের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ বাতি করে দেওয়ায় পরের ৫০ শতাংশ স্টক ও ৫০ শতাংশ নগদ লভ্যাংশ বহাল থাকে। একবছরেরও বেশি সময় লেনদেন বন্ধ থাকা এবং বিনিয়োগকারীরের হিসাবে লভ্যাংশ জমা না হওয়ায় গত ১ জানুয়ারি থেকে পদ্ম অয়েলের শেয়ারকে এ থেকে জেড ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে পদ্মা অয়েলের প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৭৩৩ টাকা ২০ পয়সায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/২০১০ ঘ.