২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শেয়ারধারণ নিয়ে রিটের জবাব সম্মিলিতভাবে’

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণ নিয়ে হাই কোর্টে দায়ের করা তিনটি রিটের জবাব সম্মিলিতভাবে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 09:32 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণ নিয়ে হাই কোর্টে দায়ের করা তিনটি রিটের জবাব সম্মিলিতভাবে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান। বৃহস্পতিবার দুপুরে ডিএসই সভাকক্ষে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে রকিবুর বলেন, “পুঁজিবাজারের স্বার্থে সম্মিলিতভাবে রিটের মোকাবেলা করা হবে। হাইকোর্ট বিনিয়োগকারী ঐক্য পরিষদকে পক্ষভুক্ত করেছে। ডিএসই তাদের তথ্য ও উপাত্ত দিয়ে সহযোগিতা করবে।” ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশীদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “রিটের বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার জন্য আবেদন করতে এসেছিলাম। ডিএসই আমাদের সহযোগিতা করতে আশ্বাস দিয়েছে।” মঙ্গলবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণ নিয়ে নিয়ন্ত্রক সংস্থা এসইসির জারি করা প্রজ্ঞাপনের ওপর স্থগিতাদেশ চেয়ে দুটি রিট আবেদন করে। এই রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এই প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা এসইসির কাছে জানতে চায়। বিনিয়োগকারীদের সংগঠনকেও রিট দুটির পক্ষভুক্ত করা হয়। সোমবারও একটি রিট আবেদনের ওপর শুনানি শেষেও একই বেঞ্চ এসইসিকে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছিল। এসইসির এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে গত ৮ এপ্রিল দায়ের করা একটি রিটে এসইসি চেয়ারম্যান, অর্থ সচিব, বাণিজ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রারের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকেও রুলের জবাব দিতে বলা হয়েছিল। ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা যে প্রজ্ঞাপন নিয়ে এই রিটগুলো দায়ের করা হয় সে প্রজ্ঞাপনে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের কাছে সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ এবং আলাদাভাবে ২ শতাংশ শেয়ার থাকতে হবে। ৬ মাসের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে, যা শেষ হবে ২১ মে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৫২২ ঘ.