ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বল্পতম সময়ের মধ্যে স্টক এক্সচেঞ্জে লেনদেন নিস্পত্তির জন্য আলাদা ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট কোম্পানি গঠনের প্রতিশ্র“তি বাস্তবায়ন করতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান।
মঙ্গলবার সিএসইর ঢাকা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিএসই সভাপতি বলেন, “দুই স্টক এক্সচেঞ্জের যৌথ মালিকানায় এটা বাস্তবায়ন করা যায়।”
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায় স্টক এক্সচেঞ্জের লেনদেন নিস্পত্তির জন্য আলাদা ক্লিয়ারিং এন্ড সেটেলমেন্ট কোম্পানি প্রতিষ্ঠার প্রতিশ্র“তি দিয়েছিলেন।
আল মারুফ খান বলেন, “এখন লেনদেনে ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট হতে সময় লাগে। আলাদা কোম্পানি প্রতিষ্ঠা করে লেনদেন চলাকালেই ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট করা যেতে পারে,” বলেন তিনি।
এছাড়া আগামী অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে বিষয়ক কয়েকটি সুপারিশ করছেন আল মারুফ।
এর মধ্যে রয়েছে, ব্রোকারেজ কমিশনের ওপর উৎসে কর কমানো, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে লভ্যাংশের ওপর উৎসে কর না রাখা, মূলধনী মুনাফার ওপর বর্তমানের ১০ শতাংশ কর কমিয়ে আনা এবং নতুন কোম্পানির তালিকাভূক্তির ক্ষেত্রে ওই কোম্পানির আয়করের ওপর ১৫ শতাংশ হারে কর রেয়াত দেওয়া।
তিনি প্রিমিয়ামসহ নতুন কোম্পানি তালিকাভূক্তির ক্ষেত্রে ওই প্রিমিয়ামের ওপর ধার্য্য কর প্রত্যাহার করা, বিনিয়োগের ক্ষেত্রে কর রেয়াত অব্যাহত রাখা এবং অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখারও সুপারিশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৮১৯ ঘ.
bdnews24