ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিন ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন শুরু হলেও দিনশেষে লেনদেন ও সাধারণ সূচক দুটোই কমেছে।
নির্ধারিত সময়ের আগেই সিংহভাগ সদস্য লগইন করায় মঙ্গলবার যথাসময়ে বেলা ১১টা ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হওয়ার পর সূচক বাড়তে থাকে। তবে বেলা সোয়া ১২টার পর থেকে সূচক কমতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৩১ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫৭ পয়েন্ট হয়েছে।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত আছে ১৮টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৮৭৪ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে প্রায় ৩৭ কোটি টাকা কম।
সোমবার সপ্তাহের দ্বিতীয় দিন সাধারণ সূচকে যোগ হয় প্রায় ২১ পয়েন্ট। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক আগের দিনের চেয়ে দশমিক ৩৩ শতাংশ কমে।
ঢাকার পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ওঠা-নামার মধ্যে থাকলেও লেনদেন বেড়েছে। গত সপ্তাহে (১৫-১৯ এপ্রিল) পাঁচ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক বাড়ে প্রায় ২৪ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন বেড়ে দাঁড়ায় ১ হাজার ২১ কোটি টাকা যা আগের সপ্তাহে ছিল ৮৪৫ কোটি টাকা।
এর আগের সপ্তাহেও ডিএসই সাধারণ সূচক ও গড় দৈনিক লেনদেন দুটোই বেড়েছিল। সাধারণ সূচক বেড়েছিল ৪.৮০ শতাংশ বা ২৪৪ দশমিক ৬৯ পয়েন্ট। এরও আগের চার সপ্তাহেও সাধারণ সূচকও বেড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৫ ঘ.
bdnews24