ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রথম প্রান্তিকের মুনাফা বাড়লেও কমেছে ইউনিয়ন ক্যাপিটালের মুনাফা।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ দুটি কোম্পানি তাদের প্রথম প্রান্তিকের (জানুয়ারি ২০১২ থেকে মার্চ ২০১২) অনীরিক্ষিত মুনাফা প্রকাশ করেছে।
এ সময়ে ইসলামিক ফাইনান্সের মুনাফা বেড়েছে প্রায় ৩৩৪ শতাংশ।
প্রথম প্রান্তিকে কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ৫ কোটি ২৬ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১ কোটি ২১ লাখ টাকা।
প্রথম প্রান্তিকে ইসলামিক ফাইন্যান্সের ইপিএস হয়েছে ৭৬ পয়সা। তবে ২০১১ সালের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার যোগ হওয়ার পর ইপিএস দাঁড়িয়েছে ৬৯ পয়সা।
ইউনিয়ন ক্যাপিটাল কর পরবর্তী মুনাফা করেছে ২ কোটি ১৮ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৭ কোটি ৩৬ লাখ টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৯ পয়সা কম।
কোম্পানি দুটির মুনাফার প্রভাব পড়েছে তাদের শেয়ারের দামেও।
রোববার প্রায় ১০ শতাংশ দাম বেড়ে ইসলামিক ফাইন্যান্সের শেয়ারের মূল্য হয়েছে ৪১ টাকা ৯০ পয়সা। আর ৮ দশমিক ১৮ শতাংশ দর হারিয়ে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারমূল্য হয়েছে ৫১ টাকা ৬০ পয়সা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৬৪০ ঘ.
bdnews24