ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে পুঁজিবাজার চালু থাকলেও লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সূচক গতদিনের অবস্থানেই আছে।
নির্ধারিত সময়ের আগেই সিংহভাগ সদস্য লগইন করায় সপ্তাহের প্রথম দিন রোববার যথাসময়ে বেলা ১১টায় দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে লেনদেন শুরু হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক লেনদেন শুরুর ৫ মিনিটেই প্রায় ৪৯ পয়েন্ট বাড়ে। কিন্তু এরপর থেকে সূচকে ওঠানামা চলতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে মাত্র দশমিক ৩৩ শতাংশ কমে ৫ হাজার ৩৫৭ পয়েন্টেই থাকে।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত আছে ১৮টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৬৫৩ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে প্রায় ১২৬ কোটি টাকা কম।
ঢাকার পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ওঠা-নামার মধ্যে থাকলেও লেনদেন বেড়েছে। গত সপ্তাহে (১৫-১৯ এপ্রিল) পাঁচ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক বাড়ে প্রায় ২৪ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন বেড়ে দাঁড়ায় ১ হাজার ২১ কোটি টাকা যা আগের সপ্তাহে ছিল ৮৪৫ কোটি টাকা।
এর আগের সপ্তাহেও ডিএসই সাধারণ সূচক ও গড় দৈনিক লেনদেন দুটোই বেড়েছিল। সাধারণ সূচক বেড়েছিল ৪.৮০ শতাংশ বা ২৪৪ দশমিক ৬৯ পয়েন্ট। এরও আগের চার সপ্তাহেও সাধারণ সূচকও বেড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২৬ ঘ.
bdnews24