২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: দরপতন দিয়ে সপ্তাহ শেষ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিনে সূচক কমেছে প্রায় ১১২ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 05:41 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষ হয়েছে দর ও সুচক পতনে। বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসসির সাধারণ সূচক দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৭ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১১২ পয়েন্ট কম। এদিন বাজার শুরুর আধা ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৩১ পয়েন্ট বাড়ে। কিন্তু এরপর সূচক কমতে শুরু করে। দুপুর ২টায় ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৮৪ পয়েন্ট কমে যায়। সারাদিনে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে মাত্র ২৪টির, কমেছে ২৩৪টির এবং অপরিবর্তিত ছিল ৭টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৭৭৯ কোটি টাকার শেয়ার। এর আগের দিন বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক প্রায় ২২ পয়েন্ট কমে। লেনদেন হয় ৯৯১ কোটি টাকার শেয়ার। অবশ্য মঙ্গলবার ডিএসই সাধারণ সূচকে ৮৪ পয়েন্ট যোগ হয়েছিল। আর টানা ৪ দিন সূচক বাড়ার পর সোমবার ডিএসই সাধারণ সূচক কমে গিয়েছিল প্রায় ৪৬ পয়েন্ট। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ও গড় দৈনিক লেনদেন দুটোই বেড়েছে। গত সপ্তাহে সাধারণ সূচক বেড়েছে ৪.৮০ শতাংশ বা ২৪৪ দশমিক ৬৯ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন হয়েছে প্রায় ৮৪৫ কোটি টাকার যা এর আগের সপ্তাহের চেয়ে ১৬ দশমিক ১৯ শতাংশ বেশি। এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক প্রায় ১০৯ পয়েন্ট বা ২.১৮ শতাংশ বাড়ে। এরও আগের তিন সপ্তাহেও সাধারণ সূচকও বেড়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/জেকে/১৫৪৯ ঘ.