ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের আরও ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে বাটা শুর পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
বাটা এর আগে অন্তর্বর্তীকালীন ১৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ফলে ২০১১ সালের সমাপনী বছরে মোট লভ্যাংশ দাড়ালো ২৫০ শতাংশ।
বাটা শুর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জুন বেলা সাড়ে ১০টায় ধামরাইয়ের কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে বাটা শুর ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৪২ টাকা ৪৪ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১৪ টাকা ১১ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরেও ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪০৫ ঘ.
bdnews24