রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছরের বেশি সময় ধরে স্থগিত থাকা পদ্মা অয়েলের শেয়ারের লেনদেন শিগগিরই শুরু হবে বলে আশা করছেন কোম্পানিটির শীর্ষ কর্মকর্তারা।
আইনি জটিলতার কারণে গত বছরের ৩০ মার্চ থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন এই তেল কোম্পানির শেয়ারের লেনদেন বন্ধ আছে। এর ফলে অনেক বিনিয়োগকারীর পুঁজি আটকে আছে।
গত ২০ মার্চ উচ্চ আদালতের আদেশের পর পদ্মা অয়েলের শেয়ারের লেনদেন শুরু হওয়া নিয়ে নতুন করে তাদের মধ্যে আশার সৃষ্টি হয়েছে।
কবে থেকে লেনদেন শুরু হবে জানতে চাওয়া হলে পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সব কাগজপত্র সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) পাঠিয়ে দিয়েছি। তারা অনুমোদন দিলেই লেনদেন শুরু হবে।”
এ বিষয়ে জানতে চাওয়া হলে এসইসির নির্বাহি পরিচালক সাইফুর রহমান বলেন, “গতকাল আমরা কাগজপত্র পেয়েছি। যাচাই বাছাইয়ের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
পদ্মা অয়েলের কোম্পানি সচিব মহিউদ্দিন আহমেদ বলেন, “আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি খুব শিগগিরই পদ্মা অয়েলের লেনদেন শুরু হবে।”
বিগত বছরগুলোতে উচ্চহারে স্টক লভ্যাংশ ঘোষণা করা পদ্মা অয়েল ২০০৯-১০ বছরে জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
২০১০ সালের ১৮ ডিসেম্বর এ লভ্যাংশ ঘোষণা করার পর ২ জানুয়ারি আজিজ আহমেদ নামের এক বিনিয়োগকারীর এর বিরুদ্ধে উচ্চ আদালতে একটি রিট করেন। তার অভিযোগ, নিয়ম থাকা সত্বেও বিনিয়োগকারীদের আগে থেকে না জানিয়ে লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
এতে পদ্মা অয়েলের লভ্যাংশ, রেকর্ড তারিখ ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের একটি বেঞ্চ।
গত বছরের ২০ ফেব্র“য়ারি ডিএসই ওয়েবসাইটে জানানো হয়, পদ্মা অয়েলের পক্ষ থেকে লিভ টু আপিল করার পর হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত ঘোষণা করা হয়। নতুন করে রেকর্ড তারিখ ও এজিএমের তারিখ ঘোষণা করা হবে বলে পদ্মা অয়েলের পক্ষ থেকে জানানো হয়।
২০০৯-১০ বছরের জন্য গত বছরের ২০ মার্চ নতুন করে ৫০ শতাংশ স্টক ও ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।
একই বছরের জন্য দুটি লভ্যাংশ ঘোষণার নিয়ম না থাকায় এসইসির নির্দেশে গত বছরের ৩০ মার্চ থেকে পদ্মা অয়েলের শেয়ারের লেনদেন বন্ধ করে দেওয়া হয়।
এরপর আবার আদালতের দারস্থ হয় সরকারি কোম্পানিটি।
কোম্পানি সচিব মহিউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, “গত ২০ মে এক আদেশে উচ্চ আদালত আগের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ বাতিল করে দিয়েছে। তাই পরের ঘোষণা অনুযায়ী ৫০ শতাংশ স্টক ও ৫০ শতাংশ নগদ লভ্যাংশ বহাল রয়েছে।”
এক বছরেরও বেশি সময় লেনদেন বন্ধ থাকা এবং বিনিয়োগকারীরের হিসাবে লভ্যাংশ জমা না হওয়ায় ১ জানুয়ারি থেকে পদ্মা অয়েলের শেয়ারকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে।
ডিএসই ওয়েবসাইটে সোমবার জানানো হয়েছে, পদ্মা ওয়েলের ২০০৯-১০ সমাপনী বছরের এজিএম আগামী ১২ মে অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৬৫৯ ঘ.
bdnews24