ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বেড়েছে সাধারণ সূচকও।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় এক হাজার ৮৭ কোটি টাকার শেয়ার যা গত সাড়ে আট মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি এক হাজার ৩৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল গত বছরের ৩১ জুলাই।
সপ্তাহের শেষ দিন লেনদেন শুরু থেকেই সাধারণ সূচক বাড়তে থাকে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৩ পয়েন্ট হয়েছে।
হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৮২টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার লেনদেন শেষে সাধারণ সূচকে যোগ হয় প্রায় ১২ পয়েন্ট। লেনদেন হয় ৮৫১ কোটি টাকার শেয়ার।
সব মিলিয়ে এ সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে যোগ হয়েছে প্রায় ২৪৫ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক প্রায় ১০৯ পয়েন্ট বা ২.১৮ শতাংশ বাড়ে। এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ২৩১ পয়েন্ট। তার আগের দুই সপ্তাহেও সাধারণ সূচকও বেড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২২ ঘ.
bdnews24