২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উদ্যোক্তা পরিচালকদের ছাড় দেবে না এসইসি’

পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যূনতম শেয়ার ধারণের বাধ্যবাধকতার বিষয়ে কোনো ছাড় দেবে না নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 07:59 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যূনতম শেয়ার ধারণের বাধ্যবাধকতার বিষয়ে কোনো ছাড় দেবে না নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সোমবার এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সঙ্গে বৈঠক শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের বলেন, “বেধে দেওয়া সময়ের মধ্যেই উদ্যোক্তা, পরিচালকদের শেয়ার কিনতে হবে। এ বিষয়ে কোনো সময় বাড়ানো অথবা কোনো ধরণের পরিবর্তন আনা হবে না বলে আমাদের আশ্বস্ত করেছেন এসইসির চেয়ারম্যান।” তিনি জানান, যেসব পরিচালক এখনো ন্যূনতম শেয়ার কেনেননি তাদেরকে আগামী ৩ দিনের মধ্যে ডিএসইর পক্ষ থেকে এ বিষয়ে আবারও জানানো হবে। বাজার ভালো থাকলে উদ্যোক্তা পরিচালকেরা ‘পাবলিক’ মার্কেটে শেয়ার বিক্রি করে উল্লেখ করে রকিবুর বলেন, “বিশ্বের অন্যান্য মার্কেটে নিয়ম আছে, উদ্যোক্তা-পরিচালকেরা শেয়ার বিক্রি করবেন ব্লক মার্কেটে। আমরাও এটা প্রস্তাব করেছি। এসইসি এটি বিবেচনা করবে।” রকিবুর জানান, প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়া অন্যান্য উপায় যেমন রিপিট আইপিও, প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা তোলার ব্যাপার নিরুৎসাহিত করতে এসইসিকে আহ্বান জানানো হয়েছে। অধিগ্রহণ ও একত্রীকরণের বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। এর আগে শনিবার চট্টগ্রামে দুই স্টক এক্সচেঞ্জের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনেও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কেনার সময় না বাড়ানোর কথা বলা হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২৩ নভেম্বর একটি আদেশ জারি করে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (এসইসি)। ওই আদেশে বলা হয়, একটি কোম্পানির মোট পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ ওই প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকতে হবে। আর ব্যক্তিগতভাবে প্রত্যেকে পরিচালকের হাতে ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে। কারো হাতে থাকা শেয়ারের পরিমাণ ওই সীমার চেয়ে কম হয়ে থাকলে আগামী ২২ মের মধ্যে শেয়ার কিনে তা পূরণ করতে হবে। শর্ত পূরণ করতে না পারলে ২ শতাংশের কম শেয়ার ধারণকারীদের কোম্পানির পরিচালক পদ থেকে সরে দাঁড়াতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/এসইউ/১৫৪১ ঘ.